মাহফুজ আনামের বিরুদ্ধে আজ আরও মামলা
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে আজ মঙ্গলবার নতুন করে আরও তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে ১০৫ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়। মামলা তিনটি করা হয়েছে সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জে।
মাহফুজ আনামের বিরুদ্ধে গতকাল সোমবার ১৭ জেলায় বিচারিক হাকিম আদালতে ১৭টি মামলা হয়। এর আগে গত রোববার বিভিন্ন স্থানে ১৩টি এবং তারও আগে পাঁচটি মামলা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৩৮টি মামলা হলো। মামলাগুলোর বাদী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা এবং সরকারি কৌঁসুলিরা। এসব মামলায় কেবল মানহানি, কেবল রাষ্ট্রদ্রোহ আবার কোথাও কোথাও মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সংবাদদাতার পাঠানো খবর:
সাতক্ষীরা: মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মহিবুল হাসানের আদালতে মামলাটি করেন আইনজীবী শাহেদুজ্জামান শাহেদ। তিনি জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক। অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ জিয়াউর রহমান জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বিষয়টি আদেশের জন্য রেখেছেন।
কিশোরগঞ্জ: মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগে আজ জেলার আমলি আদালত-১-এ মামলাটি করেন হেলালুজ্জামান হেলাল। তিনি জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। মামলায় ১০০ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
বাদীর আইনজীবী হুমায়ুন কবির বলেন, মামলাটি আমলে নিয়েছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলাউল আকবর। আগামী ৯ মার্চ তিনি সংশ্লিষ্ট সংবাদের কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মানিকগঞ্জ : জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বাদী হয়ে জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে। মামলা পরিচালনাকারী আইনজীবী আবদুল হক জানান, বিচারক মো. আবদুল হাই মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন। আগামী ২০ মার্চ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
মাহফুজ আনামের বিরুদ্ধে করা বেশির ভাগ মামলার অভিযোগ প্রায় একই রকম। তা হলো, এক-এগারোর সময় একটি গোয়েন্দা সংস্থার নির্দেশনা বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে ডেইলি স্টার সম্পাদক তাঁর পত্রিকায় মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন।
৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চান। এক দিন পর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ডেইলি স্টার বন্ধ করা এবং মাহফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এর পরদিন থেকেই মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।