মাহ্ফুজ আনামের বিরুদ্ধে আরেক মামলায় সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে আরেক মামলায় সমন জারি করা হয়েছে। ঝালকাঠিতে গতকাল মঙ্গলবার এ সমন জারির আগের দিন ফরিদপুর ও মাগুরায় দুই মামলায় তাঁর বিরুদ্ধে সমন জারি করা হয়।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং ওই সব মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মানববন্ধন হয়েছে ঝিনাইদহ ও বগুড়ায়। রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভিন্ন জেলায় এ পর্যন্ত মোট ৭৭টি মামলা হয়েছে।
ঝালকাঠিতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে করা মানহানি মামলায় দুপুরে সমন জারি করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাহেদ আহমেদ। আগামী ৩১ মার্চের মধ্যে তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঝালকাঠি জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল মান্নান প্রথম আলোকে এ আদেশের বিষয় নিশ্চিত করেন। ১৬ ফেব্রুয়ারি ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বনি আমিন এই মামলাটি করেন। বিচারক অভিযোগ তদন্ত করে ২৩ ফেব্রুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দিতে জেলা তথ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী গতকাল তথ্য কর্মকর্তা হাসিবুল হাসান প্রতিবেদন দাখিল করার পর বিচারক ওই সমন জারি করেন।
মানববন্ধন: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবের সামনে স্টেশন সড়কে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলায় উদ্বেগ প্রকাশ করেন।
কর্মসূচিতে ডেইলি স্টার-এর সাংবাদিক মামুন-উর-রশীদ, জেলা প্রেসক্লাবের সহসভাপতি আবদুর রহিম, সাবেক সভাপতি রেজাউল হাসান, ইনকিলাব-এর মহসিন আলী, বগুড়া জেলা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি সৈয়দ ফজলে রাব্বী প্রমুখ বক্তব্য দেন।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ও সব মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ প্রেসক্লাব। দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন। কর্মসূচিতে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, নিউ এজ-এর সাংবাদিক দেলোয়ার কবীর, মানবজমিন-এর আমিনুর রহমান, ডেইলি স্টার-এর আজিবর রহমান প্রমুখ অংশ নেন।