মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এবার এক দিনে ১৭ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গতকাল সোমবার ১৭ জেলায় বিচারিক হাকিম আদালতে আরও ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় এক মামলায়ই ৫০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগ করা হয়।
গতকাল দায়ের হওয়া ১৭ মামলার মধ্যে ১২টিতে কেবল মানহানি, তিনটিতে মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহ ও দুটিতে কেবল রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১১ মামলায় মোট ৫০ হাজার ৬৭২ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়। গতকাল মানহানির চারটি মামলায় মাহ্ফুজ আনামকে সশরীরে আদালতে হাজির হতে সমন জারির আদেশ দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার ১৩টি এবং তার আগে ৯ ও ১১ ফেব্রুয়ারি পাঁচটি মামলা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৩৫টি মামলা করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা এবং দুই সরকারি কৌঁসুলি। এর মধ্যে নয়টি মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। আর ২৫ মামলায় মোট ৬০ হাজার ৯৯৮ কোটি ৫০ লাখ টাকার মানহানি হয়েছে বলে অভিযোগ করা হয়। বেশির ভাগ মামলার অভিযোগও প্রায় একই রকম। তা হলো, এক-এগারোর সময় একটি গোয়েন্দা সংস্থার নির্দেশনা বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায় মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন।
৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকাতেও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। এর পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চান। এক দিন পর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ডেইলি স্টার বন্ধ করা এবং মাহ্ফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এর পরদিন থেকেই মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।
গতকাল দায়ের করা মামলা নিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: কুষ্টিয়ার আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার মানহানির মামলা করেন ‘আমরা মুজিব সেনা’-এর জেলা কমিটির সভাপতি আসাদুল হক (সলেমান)। মামলার আরজিতে বলা হয়, মাহ্ফুজ আনাম যাচাই ছাড়া ‘মিথ্যা উক্তি’ মুদ্রণ করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৫০ হাজার কোটি টাকার সমমূল্যের মানহানি এবং রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন।
বাদীর আইনজীবী আহমেদ মুনির বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছেন। আজ মঙ্গলবার আবার শুনানি শেষে আদেশ দেওয়া হবে।
বাদী আসাদুল হক প্রথম আলোকে বলেন, তিনি ৫০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করেন। তাই সংক্ষুব্ধ হয়ে এ মামলা করেছেন।
রাজশাহী: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাজশাহীর আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ এনে মামলা করেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম। এতে সাক্ষী করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ পাঁচজনকে। মামলার আরজিতে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়। আদালত মামলাটি আমলে নিলেও তাৎক্ষণিকভাবে কোনো আদেশ দেননি।
সিলেট: ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ১৫০ কোটি টাকার মানহানির মামলা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট জেলা শাখার সভাপতি আফসার আজিজ। অতিরিক্ত সরকারি কৌঁসুলি শামসুল ইসলাম বলেন, আদালত মামলাটি গ্রহণ করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে অধীনস্থ নির্বাহী হাকিমকে নির্দেশ দিয়েছেন।
রংপুর: রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডলের করা ১০০ কোটি টাকার মানহানির মামলা আমলে নিয়ে মাহ্ফুজ আনামকে ১ মার্চ সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন আদালত।
টাঙ্গাইল: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ১০০ কোটি টাকার একটি মানহানির মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দেন।
লক্ষ্মীপুর: এখানকার আদালতে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
সুনামগঞ্জ: এখানে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম। তাঁর বাড়ি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে। বাদীর আইনজীবী মোহাম্মদ শফিকুল আলম ইসলাম বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাবুল হক বাদী হয়ে মানহানির একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মাহ্ফুজ আনামকে আগামী ২৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।
পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে আরজি হুবহু এক: রাষ্ট্রদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র ও জনসাধারণের অনিষ্ট সাধনের অভিযোগ এনে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গতকাল পঞ্চগড়ের আদালতে মামলা করেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন-বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। একই অভিযোগে ঠাকুরগাঁওয়ে মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ সাদেক কুরাইশী। উভয় জেলার বিচারিক হাকিম আদালত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেন।
দুই জেলায় পৃথক ব্যক্তির করা মামলা দুটির আরজির বক্তব্য হুবহু একই। কেবল বাদীর নাম ভিন্ন। এর মধ্যে পঞ্চগড়ে করা আরজিতে বাদীর পরিচয়ের অংশে ‘ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক’ উল্লেখ ছিল, পরে তা কেটে দিয়ে তার ওপর ‘দেবীগঞ্জ থানার আইন-বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক’ কথাটি কলম দিয়ে লেখা হয়েছে।
কুড়িগ্রাম: এখানকার আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানি—উভয় অভিযোগে মামলা করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন (দুলাল)। আদালত সরকারের অনুমোদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
নীলফামারী: এখানে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা করেন ডোমার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোমনাতী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুল হামিদ। আদালত মামলাটি আমলে নিয়ে ৪ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ডোমার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক তারেক আহমদ চৌধুরী বাদী হয়ে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন। তাঁর আইনজীবী প্রণব কান্তি দাশ বলেন, আদালত আগামী ২২ মার্চের মধ্যে মামলার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
নাটোর: এখানকার আদালতে ৫০ কোটি টাকার মানহানির একটি মামলা করেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলেক শেখ। আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নেন এবং মাহ্ফুজ আনামকে আগামী ৩০ মার্চ আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।
দীঘিনালা (খাগড়াছড়ি): আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা। তাঁর আইনজীবী নজরুল ইসলাম বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ মার্চ সশরীরে হাজির হতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন।
রাঙামাটি: জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী মো. জালোয়ার ৫০ লাখ টাকার মানহানির মামলা করেন। আদালত মামলাটি অপেক্ষমাণ রেখেছেন। বাদীর আইনজীবী বিপ্লব চাকমা বলেন, আদালত সাক্ষীদের নাম-ঠিকানা উপস্থাপনের আদেশ দিয়েছেন। তারপর মামলাটি তালিকাভুক্ত হবে।
কুমিল্লা: কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র-বিষয়ক সম্পাদক যাদব চন্দ্র রায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং এ বিষয়ে তদন্ত করে আগামী ২১ মার্চ প্রতিবেদন দেওয়ার জন্য জেলা তথ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী সৈয়দ তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল টাকার অঙ্কে মানহানি দাবি করেননি। তিনি মাহ্ফুজ আনামের ছয় মাসের সাজা চেয়েছেন।
কক্সবাজার: আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন আওয়ামী লীগ-সমর্থিত মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে কক্সবাজার সহকারী পুলিশ সুপারকে (সদর) নির্দেশ দিয়েছেন।
নারায়ণগঞ্জে মানববন্ধন: ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামকে গ্রেপ্তারের দাবিতে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মানববন্ধন করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। মানববন্ধনে বক্তারা মাহ্ফুজ আনামকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার দাবি জানান। বক্তব্য দেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ।