ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা সব মামলা দ্রুত প্রত্যাহার করতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত শনিবার সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে বিদ্যমান মানহানি এবং রাষ্ট্রদ্রোহ-সংক্রান্ত আইন বাতিলেরও দাবি জানানো হয়। বিদ্যমান আইন দুটি আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, কয়েক বছর আগে সেনাবাহিনীর সূত্র থেকে পাওয়া দুর্নীতির অভিযোগ-সংক্রান্ত খবর প্রকাশের জন্যই মূলত মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ৫৪টি ফৌজদারি মানহানির মামলা এবং ১৫টি রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। (মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এ পর্যন্ত মামলা ৭৬টি)। বিবৃতিতে আরও বলা হয়, ১৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের একটি আদালত এক আইনজীবীর করা মামলায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাংলাদেশের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, এই পত্রিকা এবং এর সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মানহানির অভিযোগে ৫৫টি মামলা হয়েছে।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামসকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের শীর্ষ সংবাদপত্রগুলোর সম্পাদকদের বিরুদ্ধে এসব মামলা করার মাধ্যমে দেশের পুরো গণমাধ্যমকেই ভয় দেখানোর চেষ্টা স্পষ্ট হয়ে ওঠে।’
অ্যাডামস বলেন, ‘বাংলাদেশের জাতীয় সংসদের বেশির ভাগ আসনই এখন ক্ষমতাসীন সরকারের। এ ছাড়া সকল রাষ্ট্রীয় নির্বাহী কর্তৃপক্ষও সরকারের নিয়ন্ত্রণে। এ অবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সুনির্দিষ্টভাবে সরকারকে সচেষ্ট হতে হবে। অন্যথায় বাংলাদেশের একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।’
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার সমালোচনাকারী গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, সম্পাদকদের কারাগারে পাঠিয়েছে, ব্লগারদের বিরুদ্ধে মামলা করেছে। সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবেদন লেখার দায়ে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। কোনো বিচার ছাড়াই দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে রাষ্ট্রদ্রোহ এবং কথোপকথন অবৈধভাবে প্রকাশ করার দায়ে ২০১৩ সাল থেকে কারাগারে আটকে রাখা হয়েছে।
অ্যাডামস বিবৃতিতে বলেন, ‘মানহানিকে কখনোই একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা উচিত হবে না। যদি কোনো সংবাদপত্র কোনো ব্যক্তির মানহানিকর কিছু প্রকাশ করে, তবে এর জন্য উপযুক্ত ব্যবস্থা হলো তার বিরুদ্ধে দেওয়ানি মানহানির মামলা করা। তবে এ ক্ষেত্রে স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু কেবল কিছু লিখলেই সরকারের উচিত হবে না সাংবাদিকদের কারাগারে পাঠানো।’