দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সরকার এবং সরকারের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত কর্মকাণ্ডকে দেশের গণমাধ্যমের জন্য ‘অশনিসংকেত’ বলে মনে করে গণসংহতি আন্দোলন। গতকাল বুধবার দলের কেন্দ্রীয় কমিটি এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতা আবদুস সালাম, ফিরোজ আহমেদ, আবুল হাসান, তাসলিমা আখতার, মনির উদ্দীন ও আরিফুল ইসলাম এ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, এভাবে চাপে ফেলে আনুগত্য আদায়ের জবরদস্তিমূলক তৎপরতা স্বৈরতান্ত্রিক শাসনেরই সুস্পষ্ট প্রকাশ। সরকারের তৎপরতায় এটা পরিষ্কার যে তারা মাহ্ফুজ আনামের মতো একই ‘ভুল’ করা আর সব সংবাদপত্র ও সম্পাদককে শাস্তি দিতে চায় না। বরং তারা সুনির্দিষ্টভাবে বিশেষ বিশেষ সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়। তাদের আসল বাসনা কোনো সংবাদপত্র যেন সরকারের কাজকর্মের সমালোচনা না করে। সাম্প্রতিক সময়ে একই লক্ষ্যেই পত্রিকায় বিজ্ঞাপন বন্ধে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টির ঘটনা ঘটেছে।