মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গণহারে মামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা গণমামলা প্রত্যাহারের দাবিতে গতকাল কুমিল্লা শহরের কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকেরা l প্রথম আলো
দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা গণমামলা প্রত্যাহারের দাবিতে গতকাল কুমিল্লা শহরের কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকেরা l প্রথম আলো

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গণহারে মামলার প্রতিবাদে গতকাল শুক্রবার কুমিল্লায় মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। বিকেল পাঁচটায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নেন কুমিল্লা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, কুমিল্লা জেলা টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাইয়িদ মাহমুদ পারভেজ, জেলা ফটোসাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকীসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকেরা।
বক্তারা বলেন, এভাবে গণমামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না। অবিলম্বে কুমিল্লার আদালতে দায়ের করা পাঁচটি মামলা প্রত্যাহারে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের উদ্যোগ নিতে হবে।
লালমনিরহাটে আরেক মামলা: লালমনিরহাটে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে আরও একটি রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা হয়েছে। সৈয়দা শিল্পী বেগম নামের আওয়ামী লীগের সমর্থক এক নারী গত বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের বিচারিক হাকিম ও আমলি আদালতে এ মামলা করেন।
আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডল রাষ্ট্রের অনুমতি নিয়ে মামলাটি তদন্ত করতে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী সৈয়দা শিল্পী লালমনিরহাট শহরের জুম্মাপাড়া এলাকার সৈয়দ বেলাল হাসানের স্ত্রী। তিনি মামলায় উল্লেখ করেছেন, স্বামীর নির্দেশেই তিনি মামলাটি করেছেন। তিনি দাবি করেন, স্বামী বেলাল হাসান প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুল জলিলের ব্যক্তিগত সহকারী ছিলেন। বর্তমানে তিনি ঢাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
এর আগে গত মঙ্গলবার একই আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়। সে মামলার বাদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
সব মিলিয়ে ১০ দিনে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সারা দেশে ৭৬টি মামলা হয়েছে। এর মধ্যে ২২টিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়। আর মানহানির মামলাগুলোর মধ্যে ৪৮টিতে মোট ৭২ হাজার ৪১০ কোটি ৫০ লাখ টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়। প্রায় সব কটি মামলার বাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী ও সরকারি কৌঁসুলি।