মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির একটি মামলায় ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত এই আদেশ দেন। এ ছাড়া গতকাল করা আরও ১৯ মামলার মধ্যে ৪টিতে সমন জারি করা হয়েছে। 

সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলায় সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বাতিল করে ২০১১ সালের ২ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বিল পাস হয়। এরপর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে করা মানহানির মামলায় সমন জারি করে আসছেন আদালত। গত আট দিনে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সারা দেশে ৫৫টি মামলা হয়েছে। নারায়ণগঞ্জ ছাড়া আর কোথাও গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেওয়া হয়নি।

মানহানির মামলায় মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে গতকাল সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘কী হয়েছে, সেটা আমি খোঁজ নিয়ে দেখছি।’ রাত সাড়ে ১০টায় আইনমন্ত্রী বলেন, ‘আমি নারায়ণগঞ্জের আইন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্রেপ্তারি পরোয়ানা হবে না। এটা হবে সমন।’

নারায়ণগঞ্জসহ ১৭ জেলায় গতকাল মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে ২০টি মামলা হয়েছে। এর আগের দিন হয়েছিল ১৭টি, তার আগের দিন রোববার ১৩টি মামলা। তারও আগে ৯ ও ১১ ফেব্রুয়ারি হয়েছিল পাঁচটি মামলা। সবগুলো মামলাই হয়েছে হাকিম আদালতে। প্রায় সবগুলো মামলার বাদীই ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী। তিনটি মামলার বাদী হয়েছেন তিনজন সরকারি কৌঁসুলি।

গতকাল করা ২০টি মামলার মধ্যে ১৩টিতে মানহানির, ছয়টিতে মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহ এবং একটি কেবল রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১২টি মামলায় ১০ হাজার ৪৯১ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করা হয়।

এ নিয়ে গত আট দিনে ডেইলি স্টার  সম্পাদকের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় মোট ৫৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১৬ মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। আর ৩৭ মামলায় মোট ৭১ হাজার ৪৮৯ কোটি ৫০ লাখ টাকার মানহানি হয়েছে বলে অভিযোগ করা হয়।

 ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর।

নারায়ণগঞ্জ: মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে গতকাল দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের কর্মী মুহাম্মদ মহসীন মিয়া। বাদীর আইনজীবী মাহমুদ মালা পরে সাংবাদিকদের বলেন, আদালতে শুনানি শেষে মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে ৫০০ ও ৫০১ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার আরজির বরাত দিয়ে বাদীর আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা সাংবাদিকদের বলেন, ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহকৃত মিথ্যা তথ্য কোনো প্রকার যাচাই-বাছাই না করে ডেইলি স্টার পত্রিকায় পরিবেশন করা হয়, যা ইতিমধ্যে তিনি স্বীকার করেছেন। এ নিয়ে দেশের শীর্ষ রাজনীতিবিদদের প্রতি জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয় এবং শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং নানাভাবে হয়রানির শিকার হতে হয়। সম্প্রতি এই বিষয়ে গণমাধ্যমসহ নানা পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নানা প্রকার বিতর্কের সৃষ্টি হচ্ছে। বাদী ও সাক্ষীরা ঘটনার দিন দেখতে পান এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে এবং লোকজন ওই সংবাদ পড়ে হাসিঠাট্টা করছে। তখন বাদী ও সাক্ষীরা মর্মাহত হন। মামলার বাদী শেখ হাসিনার একজন কর্মী এবং তাঁর আদর্শ ধারণ করে রাজনীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনাকে জড়িত করে মাহ্‌ফুজ আনাম তৎকালীন সময়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিমূলক মানহানিকর সংবাদ পরিবেশন করায় বাদী ও তাঁর সংগঠনের ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

সাতক্ষীরা:  সহকারী সরকারি কৌঁসুলি ও জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক সাহেদুর রহমান গতকাল মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলা করেন।

সরকারি কৌঁসুলি (পিপি) ওসমান গণি সাংবাদিকদের বলেন, আদালত বাদীর জবানবন্দি নিয়ে এ সংক্রান্ত কাগজ জমা দেওয়ার আদেশ দেন।

কিশোরগঞ্জ: বঙ্গবন্ধু সৈনিক লীগের কিশোরগঞ্জ জেলা সভাপতি হেলালুজ্জামান হেলাল ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করেন। আদালত আগামী ৯ মার্চ এ সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বাদীকে নির্দেশ দেন।

লালমনিরহাট: এখানকার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী আইনজীবী পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের করা মামলায় মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহেরও অভিযোগ আনা হয়।

পিপি আকমল হোসেন আহমেদ বলেন, আদালত সরকারের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে লালমনিরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। ২৩ জুন প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

হবিগঞ্জ: জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও এক কোটি টাকার মানহানির মামলা করেছেন। বাদীর আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ বলেন, আদালত এ ব্যাপারে তদন্ত করে ১৮ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে হবিগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।

বান্দরবান: রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদের করা মামলার বিষয়ে সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বান্দরবান সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

মেহেরপুর: ১০ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল এনাম। আদালত সদর থানার ওসিকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শেরপুর: জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনোয়ারুল হাসান রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন। আদালত সরকারের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মানিকগঞ্জ: এখানে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান। তাঁর আইনজীবী আবদুল হক বলেন, অভিযোগের তদন্ত করে আগামী ২০ মার্চ প্রতিবেদন দিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

পাবনা: জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিমের করা মানহানির মামলাটি সদর থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বরিশাল: মহানগর হাকিম আদালতে মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে গতকাল দুটি মামলা হয়েছে। প্রতিটিতে ১০০ কোটি টাকা করে মানহানির অভিযোগ করা হয়। মামলা দুটির বাদী কাইয়ুম খান কায়সার ও রফিকুল ইসলাম। দুজনই যুবলীগের সদস্য ও আইনজীবী। পিপি মো. গিয়াস উদ্দিন কাবুল বলেন, আদালত দুই মামলায় সমন জারি করেছেন। 

 ঝালকাঠি: এখানে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন সদর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক উপদেষ্টা বণি আমিন বাকলাই। আদালত জেলা তথ্য কর্মকর্তাকে অভিযোগ তদন্ত করে ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

বাগেরহাট: জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনির হোসেন ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত অভিযোগের বিষয়ে সদর থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

নরসিংদী: এখানে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন ভূইয়া। তাঁর আইনজীবী কাজী মো. আফসার উদ্দিন বলেন, মাহ্ফুজ আনামকে ২৭ মার্চ আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

যশোর: চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান কবীর ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে দুটি মামলা করেছেন। শাহজাহান কবীরের করা ১০ কোটি টাকার মানহানির মামলাটি আদালত গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। অপর মামলাটি আদেশের জন্য রাখা হয়েছে।

কুমিল্লা: মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে গতকাল আরও দুটি মানহানির মামলা হয়েছে। মামলা দুটি করেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব। আদালত জেলা তথ্য কর্মকর্তাকে মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

সুনামগঞ্জ: জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিভিন্ন জেলায় মামলা ৫৫

তারিখ                 মামলা

৯ ফেব্রুয়ারি           ২

১১ ফেব্রুয়ারি          ৩

১৪ ফেব্রুয়ারি        ১৩

১৫ ফেব্রুয়ারি        ১৭

১৬ ফেব্রুয়ারি       ২০