
দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গণহারে মামলার প্রতিবাদে যশোর, ময়মনসিংহ ও বরগুনায় গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গত কয়েক দিনে সারা দেশে ৭৬টি মামলা হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: শহরের নেতাজী সুভাষ চন্দ্র বসু সড়কে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে গতকাল বিকেলে আধা ঘণ্টার মানববন্ধন হয়েছে। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের শতাধিক মানুষ অংশ নেন। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আর এম খায়রুল উমাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, যশোর প্রেসক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোর জেলার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আইনজীবী সৈয়দা মাসুমা বেগম প্রমুখ।
প্রেসক্লাবের সম্পাদক তৌহিদুর রহমান বলেন, সাংবাদিকতা ও সংবাদপত্র স্তব্ধ করতেই মাহ্ফুজ আনামের বিরুদ্ধে হয়রানিমূলক শতাধিক মামলা করা হয়েছে। এভাবে মামলা দিয়ে সাংবাদিকদের লেখনী বন্ধ করা যাবে না। সাংবাদিকদের কলম সমাজের সত্যের পক্ষে চলবেই।
ময়মনসিংহ: শহরের সি কে ঘোষ সড়কে স্থানীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন সাংবাদিক ও সুধীজনেরা। এরপর সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাহ্ফুজ আনাম একজন পরীক্ষিত সাংবাদিক। তাঁর বিরুদ্ধে সারা দেশে একের পর এক মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। টেলিভিশনের টক শোতে মাহ্ফুজ আনাম নিজের ভুল স্বীকার করেছেন। এটা তো সৎ সাংবাদিকতারই অংশ। অথচ ভুল স্বীকার করার পরই তাঁকে হয়রানি করা হচ্ছে।
রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গত কয়েক দিনে সারা দেশে ৭৬টি মামলা হয়েছে। বক্তারা এসব মামলা অবিলম্বে প্রত্যাহারের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নওয়াব আলী, বর্তমান সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক বহুমুখী কল্যাণ সমিতির সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
বরগুনা: শহরের সদর সড়কে গতকাল সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। এরপর সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসান ঝন্টু, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মিজানুর রহমান, মুশফিক আরিফ প্রমুখ। তাঁরা বলেন, প্রথিতযশা সাংবাদিক মাহ্ফুজ আনাম নিজের ভুল স্বীকার করে ভুল করেননি, বরং যাঁরা ভুল করেন, তাঁদের চোখ খুলে দিয়েছেন। কিন্তু এ জন্য দেশের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করার ঘটনা দুঃখজনক এবং স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি।