মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলায় পেন ইন্টারন্যাশনালের উদ্বেগ
ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেন ইন্টারন্যাশনাল।
লন্ডনভিত্তিক পেন ইন্টারন্যাশনাল বিশিষ্ট লেখক ও সম্পাদকদের একটি আন্তর্জাতিক জোট। আজ বুধবার পেন ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত খবরে এই উদ্বেগ জানানো হয়।
ওয়েবসাইটে প্রকাশিত খবরে পেন ইন্টারন্যাশনালের রাইটার্স ইন প্রিজন কমিটির চেয়ারম্যান সালিল ত্রিপাঠি বলেন, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি একজন নীতি-নৈতিকতা সম্পন্ন সম্পাদকের বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ। বহু কঠিন সময়ে আইনের শাসন ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা দেখানোর নজির তাঁর রয়েছে। সম্প্রতি বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষমতাসীন দলের সঙ্গে জোট বেঁধে সরকারি কর্মকর্তা ও রাজনীতিকেরা স্বাধীন গণমাধ্যমের ওপর সমন্বিত হামলা চালাচ্ছে।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে নয় দিনে মোট ৬৭টি মামলা হয়েছে। সব মামলাই হয়েছে হাকিম আদালতে। প্রায় সব মামলার বাদীই ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী, আইনজীবী।