মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার ঢাকার আদালতে একটি নালিশি আবেদন করা হয়েছে। আদালত এ বিষয়ে সরকারের অনুমোদন নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এদিকে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গোপালগঞ্জ ও কক্সবাজারে মানহানির অভিযোগে গতকাল আরও দুটি মামলা করেন ছাত্রলীগের দুই নেতা। এর আগে ৯ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর ও খুলনায় দুটি মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগের দুই নেতা।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নালিশি আবেদনটি করেন ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর সহকারী সরকারি কৌঁসুলি মোস্তাফিজুর রহমান। অভিযোগে বলা হয়, এক-এগারোর সময় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার হীন প্রচেষ্টায় একটি সংস্থার নির্দেশনা বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য মাহ্ফুজ আনাম তাঁর সম্পাদিত পত্রিকায় মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করেন, যা প্রত্যক্ষ রাষ্ট্রদ্রোহের শামিল।
ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সরকারের অনুমোদন নিয়ে তদন্ত করে আগামী ২৮ মার্চ প্রতিবেদন দাখিল করতে কোতোয়ালি থানার পুলিশকে নির্দেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, নালিশি আবেদনে রাষ্ট্রদ্রোহ ও মানহানিকর তথ্য প্রকাশ করায় দণ্ডবিধির ১২৩(ক), ১২৪(ক), ৫০০ ও ৫০১ ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগের বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুসারে সরকারের পূর্বানুমতির প্রয়োজন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাই সরকারের অনুমোদন নিয়ে পরিদর্শক মর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কোতোয়ালি থানার পুলিশকে প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত।
গোপালগঞ্জে মামলা: ফরিদপুর অফিস জানায়, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির অভিযোগে গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। হাকিম নুসরাত জাবীন মামলাটি আমলে নিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়। এ কারণে শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। ডেইলি স্টার-এ প্রকাশিত সংবাদের কারণে শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগ ও তাঁর (বাদী) নিজের ১০ কোটি টাকার মানহানি হয়েছে।
কক্সবাজারে মামলা: নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার জানান, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির অভিযোগে গতকাল বিকেলে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ।
বাদীপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম জানান, আদালতের বিচারক অরুণ পাল মামলাটি আমলে নিয়ে ঘটনা তদন্ত করে আদালতে জানানোর জন্য সদর মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশ করেন সম্পাদক মাহ্ফুজ আনাম। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে।