বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের নামে হয়রানিমূলক মামলার বিরুদ্ধে সারা পৃথিবীতে আওয়াজ উঠেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় স্বাধীন সংবাদপত্রের পক্ষে। সংবিধানেও বাক্স্বাধীনতার কথা লেখা আছে। যাঁরা এসব হয়রানি করছেন, তাঁরা যেন শান্তিপূর্ণভাবে চলে যান। তা না হলে কী শিক্ষা দিতে হবে, মানুষ তা জানে।
গতকাল শনিবার রাজধানীর পল্টনে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ আয়োজিত আলোচনা সভায় ড. কামাল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘১৬ কোটি মানুষের মধ্যে জাতীয় ঐক্য গড়তে মাঠে নেমেছি। এই দেশ সবার, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা পরিবারের নয়।’ তিনি বলেন, দলীয়করণ একটি অভিশাপ। নিয়োগ-বাণিজ্য, ভর্তি-বাণিজ্য, টেন্ডার-বাণিজ্য সভ্য সমাজে চলতে পারে না। এসব থেকে মুক্ত হতে জাতীয় ঐক্য অবশ্যই হবে। তিনি আরও বলেন, ‘আমরা কিছু পাওয়ার জন্য, মন্ত্রী হওয়ার হওয়ার জন্য রাজনীতি করি না। এটা বঙ্গবন্ধু শিখিয়েছেন।’
ড. কামাল হোসেন বলেন, ‘সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম। ঢাকার পাঁচটি আসনের দায়িত্ব ছিল আমার ওপর। আমার সেক্রেটারি হিসেবে তখন কাজ করেছেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ। পাঁচটি আসনে পাঁচ লাখ টাকা খরচ করেছি। কিন্তু কোনো ছাত্র টাকা নেয়নি। তারা বড়জোর চা-বিস্কুট খেয়েছে। আর এখনকার ছাত্রনেতারা টাকার মালিক হয়। এটা শুনে লজ্জা হয়।’ তিনি আরও বলেন, ‘তিয়াত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু আমাকে ২০ হাজার টাকা দিয়েছিলেন। নির্বাচনের পর খরচ থেকে বেঁচে যাওয়া ১৩ হাজার টাকা ফেরত দিয়েছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
সানজিদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সুব্রত চৌধুরী, জগলুল হায়দার, পৃথি শর্মা, নাজমূল হাসান প্রমুখ।