মাহ্ফুজ আনামের বিচার চাইলেন জয়
ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামকে আটক ও তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার চাওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ শুক্রবার জয় তাঁর ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন। এর আগে ২০১৪ সালের ১৯ মে ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে তিনি প্রথম আলোকে বর্জনের ডাক দেন।
বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে মাহ্ফুজ আনামের আলোচনার সূত্র ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে বলেন, ‘মাহ্ফুজ আনাম, দ্য ডেইলি স্টার সম্পাদক স্বীকার করেছেন যে তিনি আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অপবাদ আরোপ করতেই তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির গল্প ছাপিয়েছিলেন। তিনি সামরিক স্বৈরশাসনের সমর্থনে আমার মাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এই কাজ করেছিলেন। একটি প্রধান সংবাদপত্রের সম্পাদক সামরিক বিদ্রোহে উসকানি দিতে যে মিথ্যা সাজানো প্রচারণা চালায়, তা রাষ্ট্রদ্রোহিতা। তিনি অব্যাহতভাবে রাজনীতিকদের বিরুদ্ধে তাদের অনৈতিকতা এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার কথা লেখেন। তার নিজের স্বীকারোক্তিমতে তিনি নিজেই পুরোপুরি অনৈতিক এবং একজন মিথ্যাবাদী। তার অবশ্যই একজন সাংবাদিক হিসেবে থাকার কোনো অধিকার নাই, সম্পাদক তো অনেক দূরের বিষয়। তার কার্যক্রম দুর্নীতিকেও ছাড়িয়ে গিয়েছে; যা দেশপ্রেমহীন এবং বাংলাদেশবিরোধী। আমার ব্যক্তিগত মত, তার মিথ্যা গল্পের উসকানি আমার মাকে গ্রেপ্তার করিয়েছে এবং ১১ মাস তিনি জেলে কাটিয়েছেন। আমি বিচার চাই। আমি চাই মাহ্ফুজ আনাম আটক হোক এবং তার রাষ্ট্রদ্রোহিতার বিচার হোক।’
গতকাল বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোর আলোচনার পর সজীব ওয়াজেদ জয় ফেসবুকে এই স্ট্যাটাস দেন।