মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবিতে বরগুনা, ময়মনসিংহ ও যশোরে মানববন্ধন হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন সাংবাদিক ও সুধীজনেরা।
বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে শহরের সদর সড়কে সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসান ঝন্টু, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, জাকির হোসেন, মিজানুর রহমান ও মুশফিক আরিফ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মাহ্ফুজ আনাম দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি ভুল স্বীকার করে ভুল করেননি বরং যারা ভুল করেন তাঁদের চোখ খুলে দিয়েছেন। কিন্তু এ জন্য দেশের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে একের পর এক রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা দায়ের করার ঘটনা দুঃখজনক এবং স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি।

আজ দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ময়মনসিংহ শহরের সি কে ঘোষ রোডে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। সেখানে বক্তারা বলেন, মাহ্ফুজ আনাম একজন পরীক্ষিত সাংবাদিক। তাঁর বিরুদ্ধে সারা দেশে একের পর এক মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। একটি টকশোতে মাহ্ফুজ আনাম নিজের ভুল স্বীকার করেছেন। ভুল স্বীকার করাতো সৎ সাংবাদিকতারই অংশ। তিনি ভুল স্বীকার পার তাঁকে হয়রানি করা হচ্ছে। গত কয়েক দিনে সারা দেশে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মোট ৭৬টি মামলা হয়েছে। বক্তারা এসব মামলা অবিলম্বে প্রত্যাহারে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ মানববন্ধনে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নওয়াব আলী, বর্তমান সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক বহুমুখী কল্যাণ সমিতির সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক রবীন্দ্রনাথ পাল, ময়মনসিংহ সংবাদপত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক অ ন ম ফারুক।
এদিকে আজ বিকেলে একই দাবিতে যশোর শহরের নেতাজি সুভাষ চন্দ্র বসু সড়কে মানববন্ধন হয়। যশোরের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আধঘণ্টার এ কর্মসূচিতে যশোরের বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি খায়রুল উমাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, যশোর প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আইনজীবী সৈয়দা মাসুমা বেগম প্রমুখ।

প্রেসক্লাবের সম্পাদক তৌহিদুর রহমান বলেন, ‘সাংবাদিকতা ও সংবাদপত্র স্তব্ধ করতেই মাহ্ফুজ আনামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। আমরা বলতে চাই, এভাবে মামলা দিয়ে সাংবাদিকদের লেখনী বন্ধ করা যাবে না।’
সিপিবির নেতা গাজী গোলাম মোস্তফা বলেন, ‘সরকারের ভেতরে থাকা মতলববাজেরা কী উদ্দেশ্যে মামলাগুলো করেছে-তা দেশবাসীর অজানা নয়। অবিলম্বে হয়রানিমূলক এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’