মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সুনামগঞ্জে দুই মামলায় সমন
মানহানির অভিযোগে সুনামগঞ্জে করা দুটি মামলায় দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। সোমবার সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল আমিন এই আদেশ দেন।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালতে গত ১৫ ফেব্রুয়ারি একটি ও ১৬ ফেব্রুয়ারি আরেকটি মামলা হয়। মামলা দুটির বাদী আওয়ামী লীগের ও ছাত্রলীগের দুই নেতা। দুই মামলায় ১০০ কোটি টাকা করে মানহানি হয়েছে বলে দাবি করা হয়।
আদালত মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দিতে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। সোমবার মামলার ধার্য দিনে তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ আগামী ২৫ মে ধার্য করা হয়েছে। ওই দিনের মধ্যে মাহ্ফুজ আনামকে আদালতে সশরীরে হাজির হতে বলা হয়েছে।
মামলা দুটির বাদীপক্ষের আইনজীবী মো. শফিকুল আলম ও মোহাম্মদ জুয়েল মিয়া আদালতের সমন জারির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে ডেইলি স্টার সম্পাদক তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। এরপর মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে ৭৮টি মামলা হয়েছে।