মায়া কেন মন্ত্রী ও সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কোন কর্তৃত্ববলে এখনো মন্ত্রী ও সাংসদ পদে আছেন—তা জানতে রুলের আরজি জানিয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। মোফাজ্জল হোসেন চৌধুরী ছাড়া জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে ওই আবেদনে বিবাদী করা হয়েছে।
ইউনূছ আলী প্রথম আলোকে বলেন, আবেদনে রুল ছাড়া মন্ত্রী ও সাংসদ পদে মোফাজ্জল হোসেন চৌধুরীর কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। এর আগে গত ৩০ জুন মন্ত্রী ও সাংসদ পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি। কিন্তু ওই নোটিশের জবাব না পাওয়ায় তিনি রিট আবেদনটি করেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি মোফাজ্জল হোসেন চৌধুরীকে ১৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। ২০০৯ সালে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী। ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট তাঁকে খালাস দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ১৪ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে নতুন করে পুনঃ শুনানির নির্দেশ দেন।
আপিল বিভাগের এ রায়ের পর মোফাজ্জল হোসেন চৌধুরীর মন্ত্রী ও সাংসদ পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। গত ২৪ জুন আপিল বিভাগের লিখিত আদেশ প্রকাশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের কাছে মন্তব্য করেন, মোফাজ্জল হোসেন চৌধুরীর মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকা সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, তিনি নৈতিকতার স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং আপিলে এখনো নির্দোষ সাব্যস্ত হননি। অন্যদিকে, মোফাজ্জল হোসেন চৌধুরীর আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেন, মামলাটি এখনো আপিলে রয়েছে ও বিচারাধীন। সংবিধানে যা বলা আছে তা চূড়ান্ত রায়ের পর প্রযোজ্য হবে।