মায়া ছেড়ে ভারতে পাড়ি আরও ১২০ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখের জলে খালি ভিটা ভিজিয়ে ভারতে স্থায়ীভাবে পাড়ি জমালেন দুই জেলার বিলুপ্ত ছিটমহলের ১২০ জন অধিবাসী। ফেলে গেলেন দীর্ঘ ৬৮ বছরের চিরচেনা পরিবেশ, প্রতিবেশী, সুখে-দুঃখে কাটানো জীবনের হাজারো স্মৃতি। প্রতিবেশী ও কারও কারও থেকে যাওয়া স্বজন চাপা কষ্টে, আবার অনেকে বুকফাটা আর্তনাদে বিদায় জানালেন তাঁদের।
ছেড়ে যাওয়া স্থান থেকে বেশি দূরে নয়, কিন্তু যেখানে পাড়ি জমালেন এই মানুষেরা মাঝখানের কাঁটাতারের বেড়া সেইটুকু দূরত্বকেই বাড়িয়ে দিয়েছে বহু গুণ। মাটির মায়া কাটিয়ে আর এ দূরত্বকে ছাপিয়েই গতকাল রোববার পঞ্চগড় ও কুড়িগ্রাম থেকে ভারতে চলে গেলেন তাঁরা।
এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটের দুটি উপজেলার বিলুপ্ত তিনটি ছিটমহলের ৬৩ জন অধিবাসী ভারতে চলে যান।
গত ৩১ জুলাই মধ্যরাতে বিনিময় হয় ভারত-বাংলাদেশের ১৬২টি ছিটমহল। পরে সরকারিভাবে এ দুই দেশ যৌথ জরিপকাজ চালায়। এর মাধ্যমে বিলুপ্ত ছিটমহলবাসী নিজেদের ইচ্ছেমতো এ দুই দেশের যেকোনো দেশের নাগরিকত্বের আবেদন করেন।
ভারতে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে ভারত সরকার। সে অনুযায়ী ট্রাভেল পাসধারীদের ৩০ নভেম্বরের মধ্যে ভারত পাঠানোর সিদ্ধান্ত হয় উভয় দেশের ডিসি-ডিএম পর্যায়ের যৌথ সভায়। এর অংশ হিসেবেই বৃহস্পতিবার প্রথম দফায় ৬৩ জন ভারত যান। এরপর গতকাল গেলেন আরও ১২০ জন।
গতকাল বিকেল সাড়ে তিনটায় পঞ্চগড় সদর উপজেলার গারাতি, বোদার নাটকটোকা, বেহুলাডাঙ্গা, কাজলদীঘি ও নাজিরগঞ্জ বিলুপ্ত ছিটমহলের ১৪টি পরিবারের ৪৮ জন নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি-হলদিবাড়ী সীমান্তপথে ভারতে প্রবেশ করেন। পঞ্চগড় থেকে প্রথম দফায় তাঁরা ভারত গেলেন।
এর আগে সকাল সাড়ে নয়টায় কাজলদীঘি-কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে দুটি বাস এবং তিনটি ট্রাকে আসবাবপত্র নিয়ে চিলাহাটির উদ্দেশে রওনা হন এই বাসিন্দারা। ভারতে প্রবেশের সময় ফুল দিয়ে বিদায় জানানো হয় তাঁদের। বিদায় জানানোর সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আউয়াল, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রমাকান্ত গুপ্তা প্রমুখ। ভারতের এই নাগরিকদের গ্রহণ করেন ভারতের কোচবিহার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা রানী, বিএসএফের কর্মকর্তা এ কে ঝা প্রমুখ।
বিদায় নেওয়া ব্যক্তিদের একজন গারাতির দ্বিজেন বর্মণ। বলেন, ‘কষ্টের পারাপার করছি। একদিকে বাপ-দাদার ভিটা আর নিজের জন্মভূমি ত্যাগ করছি। অন্যদিকে ভারতে গিয়ে ভারতীয় নাগরিকত্বের অধিকার পেতে চলেছি। সব মিলিয়ে চোখের জলে বুক ভাসানোর অবস্থা আমাদের।’
শুধু দ্বিজেন বর্মণ নন, এদিন প্রায় সবারই চোখে জল, মুখে বেদনার ছাপ ছিল স্পষ্ট। সকাল আটটায় বোদার কাজলদীঘি-কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে দেখা যায়, দুটি বাস ও আসবাবপত্র বোঝাই তিনটি ট্রাক। কিছুটা দূর থেকে ভেসে আসছিল সমস্বরে কান্নার শব্দ।
সকাল নয়টার দিকে এখানে সমবেত হন শত শত মানুষ। তাঁদের মধ্যে ছিলেন ভারতগামীরা সবাই। ছিলেন প্রশাসনের লোকজন, রাজনৈতিক নেতারা। ছিলেন উৎসুক মানুষও। মানুষ যত বেড়েছে, কান্নার আওয়াজও তত বেড়েছে। নিজ দেশে ফিরে যাওয়া একেকটি পরিবারকে ঘিরে ধরে এখানে-সেখানে জটলা করে ডুকরে কাঁদছিলেন অনেকেই।
এদিকে একই দিন কুড়িগ্রাম থেকে ভারতে গেছেন ৭২ জন। তাঁদেরই একজন আকলিমা বেগম। এই মা ভারতে চলে গেলেও বাংলাদেশে থেকে গেছেন মেয়ে খাদিজা আখতার। মাকে বিদায় জানাতে গিয়ে তাই তাঁর বুকফাটা আর্তনাদ। বলছিলেন, ‘মোর কী হইবে মা। মোর কিছু হইলে অ্যালা কায় মোর খবর নিবে। অসুখ হইলে দেখবার পাবার নই।’
দাসিয়ারছড়া বিলুপ্ত ছিটমহলের খাদিজা আখতারের শুধু মা-ই নন, পরিবারের সবাই ভারতে চলে গেছেন। বিদায়ের সময় মা আকলিমা বেগমেরও ছিল কাহিল অবস্থা। একমাত্র মেয়েকে ফেলে যেতে মন চায় না তাঁর। তাই তো বারবার গাড়ির আসনে মাথা ঠুকছিলেন আর বিলাপ করছিলেন তিনিও।
আকলিমার মতোই প্রতিবেশী ও কেউবা স্বজনদেরও কাঁদিয়ে ভারতে গেছেন কুড়িগ্রামের দুটি বিলুপ্ত ছিটমহলের আরও ৭১ জন। বেলা সাড়ে ১১টায় ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্ত দিয়ে প্রথম দফায় ভারতের মাটিতে প্রবেশ করেন তাঁরা।
ভোরে কুয়াশা ভেদ করে দাসিয়ারছড়ায় পৌঁছেই কানে আসে কান্নার শব্দ। ভিটেমাটি ছেড়ে এখানকার ১০টি পরিবারের ৪৯ জন নারী-পুরুষ ভারত চলে যান। বিদায় মুহূর্তে আবেগতাড়িত হয়ে পড়েন সবাই। প্রতিবেশী ও স্বজনদের জড়িয়ে কান্নাকাটি করেন।
দাসিয়ারছড়ার এই ৪৯ জনকে বহনে দুটি বাস ও মালামাল বহনে ১০টি পিকআপভ্যান দাসিয়ারছড়া মাদ্রাসা মাঠে রাখা হয়। সকাল আটটায় এখানে সমবেত হন তাঁরা। পরে ভূরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। বিদায়ের সময় এ মাঠে জড়ো হন তাঁদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশীরাও। এখানেও আরেক দফা কান্নার রোল পড়ে।
বন্ধু হামিদুলকে বিদায় জানাতে এসে চোখের পানি ধরে রাখতে পারেননি মজনু। জানালেন, একসঙ্গে পড়ালেখা ও খেলাধুলা করেছেন। ঘুরে বেড়িয়েছেন। এখন তাঁকে বিদায় জানাতে হচ্ছে। শাহানাজ নামের এক গৃহবধূ ভারত যাচ্ছিলেন স্বামীর সঙ্গে। বিদায়বেলা বাবার হাত ধরে অঝোরে চোখের পানি ফেলেন তিনি।
সকাল সাড়ে নয়টায় ওই মাঠ থেকে যাত্রা করে সাড়ে ১০টায় ভূরুঙ্গামারীর বাগভান্ডার পৌঁছান ওই ৪৯ জন। একইভাবে ভূরুঙ্গামারীর ছোট গাড়লঝোড়া বিলুপ্ত ছিটমহলের পাঁচ পরিবারের ২৩ জন বাগভান্ডার সীমান্তে পৌঁছান। বেলা একটায় মিষ্টি খাইয়ে এবং ফুল ও উপহারসামগ্রী দিয়ে এই ৭২ জন ভারতীয় নাগরিককে বিদায় জানানো হয়। ভারতে প্রবেশের সময় সীমান্তবর্তী শত শত বাংলাদেশি নারী-পুরুষ হাত নেড়ে বিদায় জানান তাঁদের।
বিদায় অভ্যর্থনাকালে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া, ভারতের কোচবিহারের জেলা প্রশাসক শ্রী পিউল গানাথন, বিএসএফ কর্মকর্তা অনিন্দ ঘোষ, ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা অভিজিৎ রায়, ফারুক আজম, অরূপ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর পঞ্চগড় ও নীলফামারী প্রতিনিধি এবং কুড়িগ্রাম অফিস}