মায়া হরিণের পেছনে তিন গ্রামের লোক
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের তিন গ্রামের কয়েক শ লোক গতকাল বুধবার সকালে দুই ঘণ্টা চেষ্টার পর একটি মায়া হরিণ ধরতে সক্ষম হন। পরে তাঁরা হরিণটি উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
সরেজমিনে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল ছয়টার দিকে কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের আকন বাড়ির বাগানে হরিণটি দেখতে পায় ওই বাড়ির মালেক আকনের ছেলে আল-ফাহাদ (১৪)। পরে হরিণটিকে ধরার চেষ্টা করা হয়। হরিণটি দৌড়ে পাশের আনারশিয়া গ্রামে ঢুকে পড়ে। সেখানে ধরার চেষ্টা করলে হরিণটি দরিবাদ গ্রামে ঢুকে পড়ে। এরপর তিন গ্রামের কয়েক শ মানুষ এক হয়ে প্রায় দুই ঘণ্টা পর সকাল আটটার দিকে দরিয়াবাদ গ্রামের আবদুল বারেক মিয়ার ঘরের সামনে থেকে হরিণটিকে ধরতে সমর্থ হন। হরিণটি উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. চান মিয়া। হরিণটি কীভাবে এসেছে জানতে চাইলে তিনি বলেন, এই এলাকায় হরিণ আসার কোনো সুযোগ নেই। কোনো অসাধু ব্যক্তি হরিণটিকে এনেছে। তিনি আরও বলেন, এটি একটি মায়া হরিণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হরিণটিকে পটুয়াখালীর উপকূলীয় বন বিভাগের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো বলেন, হরিণটিকে চিকিৎসা দেওয়ার পরে বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।