
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক আদেশে বলেছেন, বিচারিক বিবেচনা (জুডিশিয়াল মাইন্ড) প্রয়োগ না করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে দুর্নীতি মামলা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ জন্য হাইকোর্টকে নতুন করে সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে হবে।
১৪ জুন এ-সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ যে আদেশ দেন, তাতে এ পর্যবেক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার আপিল বিভাগের ওই আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের এ বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল প্রকাশিত হওয়া আদেশে আপিল বিভাগ বলেছেন, প্রধানত যে কারণে হাইকোর্ট মায়াকে খালাস দিয়েছেন তা হলো দুদক আসামির বিরুদ্ধে অভিযোগ আনলেও তাঁকে আইনি নোটিশ দেয়নি। কিন্তু বিচারিক আদালত যেসব কারণে আসামিকে দোষী সাব্যস্ত করেছেন, সেসব সাক্ষ্য-প্রমাণ হাইকোর্ট বিচার-বিশ্লেষণই করেননি। অথচ এটা প্রতিষ্ঠিত যে ২০০৪ সালের দুদক আইনের ২৭ ধারার অধীনে অপরাধের বিচারের জন্য কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন নেই।
দুদক আইনের ২৭ ধারায় জ্ঞাত আয়ের উৎস-সম্পর্কিত সম্পত্তির দখল-সম্পর্কিত অপরাধের বিচারের বিধান রয়েছে। এই ধারায় কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ সাজা ১০ বছর এবং সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ড।
যে যুক্তিতে হাইকোর্ট মায়াকে খালাস দিয়েছেন, সে যুক্তিকে ‘দুর্বল’ মনে করে আপিল বিভাগ আদেশে আরও বলেছেন, এ জন্য মামলাটি শুরু থেকে আবার শুনানির জন্য হাইকোর্টে ফেরত পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই।
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি মায়াকে ১৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। একই সঙ্গে মায়াকে পাঁচ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। ওই রায়ে আদালত অবৈধভাবে অর্জিত মায়ার ৫ কোটি ৯০ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন।
ওই রায় ঘোষণার সময় মায়া পলাতক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া। ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ দুর্নীতির মামলা থেকে তাঁকে খালাস দেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুদক।
আপিল বিভাগের রায়ের পর মায়ার মন্ত্রী ও সাংসদ পদে থাকা সমীচীন নয় বলে মনে করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। গতকাল আপিল বিভাগের লিখিত আদেশ প্রকাশের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, এ অবস্থায় মোফাজ্জল হোসেন চৌধুরীর মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকা সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, তিনি নৈতিকতার স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং আপিলে এখনো তিনি নির্দোষ সাব্যস্ত হননি। এ বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, এ নিয়ে জাতীয় সংসদে একটি বিতর্ক হওয়া উচিত।’
সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুসারে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকবার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে।
আপিল বিভাগের রায়ের ফলে মায়ার ক্ষেত্রে বিচারিক আদালতের রায় কি এখন বহাল হয়ে গেল? এমন প্রশ্নের জবাবে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘বিচারিক আদালতের রায় রাখা যাবে কি না, তা এখন হাইকোর্ট পুনঃশুনানি করে দেখবেন।’
তবে এ যুক্তি মানতে নারাজ মায়ার আইনজীবী আবদুল বাসেত মজুমদার। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘মামলাটি এখনো আপিলে রয়েছে, তার মানে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে আছে এবং বিচারাধীন। সংবিধানে যা বলা আছে, তা চূড়ান্ত রায়ের পর প্রযোজ্য হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ মায়ার জন্য প্রযোজ্য হবে। কারণ, তিনি বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। যতক্ষণ পর্যন্ত তিনি উচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আইনের চোখে তিনি দোষী। যদি তা না হতো, তাহলে যেকোনো ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি একটি আপিল ফাইল করে সাংসদ থেকে মন্ত্রী পর্যন্ত হয়ে যেতেন।’