মায়াবী রোজ গার্ডেন

শানবাঁধানো পুকুর। বাড়ির মধ্যে বড় একটি কৃষ্ণচূড়াগাছ। ঘাসে ঢাকা লন। তাতে বসার একটি বেঞ্চ। শ্বেত মার্বেলের ছোট মূর্তি। গরু-মুরগি ঘুরে বেড়াচ্ছে। বাড়ির পেছন দিকটাতে ফুল-ফলের বাগান। আর মাঝখানে ধবধবে সাদা একটি প্রাসাদ। এটা গ্রাম বা মফস্বলের কোনো বাড়ি নয়, পুরান ঢাকার টিকাটুলীর কে এম দাস লেনের রোজ গার্ডেন। স্থানীয়ভাবে পরিচিত ‘হুমায়ূন সাহেবের বাড়ি’ নামে।
গত শতকের ত্রিশের দশকে ব্যবসায়ী হৃষিকেশ দাস ২২ বিঘা জমির ওপর রোজ গার্ডেন বানিয়েছিলেন। পরে ঋণের দায়ে তিনি বাড়িটি খান বাহাদুর কাজী আবদুর রশিদের কাছে বিক্রি করে দেন। এরপর আবদুর রশিদের মেজো ছেলে কাজী আবদুর রকীব এর মালিকানা পান। ১৯৯৫ সালে তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রী লায়লা রকীব এখন বাড়িটির মালিক।
বাড়িটি এখন পুরো ২২ বিঘার ওপর নেই। চারপাশে গড়ে উঠেছে আকাশচুম্বী ভবন। তবে এরই মধ্যে এখনো টিকে আছে চোখজুড়ানো এই প্রাসাদ। গত মঙ্গলবার বিকেলে রোজ গার্ডেনে গিয়ে দেখা যায়, লায়লা রকীবের দুই নাতি উজায়ের ও উমায়ের পুকুরে বড়শি ফেলে মাছ ধরছে। ছোট নাতি ওমর লনে ছোটাছুটি করছে। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তালগাছ, নারকেলগাছ। বিকেলের সোনালি রোদ এসে পড়ছে প্রাসাদের গায়ে। সাদা বাড়িটিকে সে আলোয় বড় মায়াময় মনে হয়।
লায়লা রকীব শোনালেন এ বাড়ি নিয়ে তাঁর স্মৃতি। বাড়িটি বিভিন্ন নামে পরিচিত হওয়া প্রসঙ্গে বলেন, দুর্লভ গোলাপের সংগ্রহের কারণে এর নাম হয় ‘রোজ গার্ডেন’। এ ছাড়া দীর্ঘদিন বেঙ্গল স্টুডিওর অধীনে সিনেমার শুটিং হতো। তাই ‘বেঙ্গল স্টুডিও’ নামেও পরিচিত ছিল। লায়লার স্বামীর বড় ভাই কাজী মোহাম্মদ বশির যাকে ‘হুমায়ূন সাহেব’ নামেও ডাকা হতো, তাঁর নামেও বাড়িটি পরিচিতি পায়। লায়লা বলেন, ‘আমার ভাশুর টানা ১০ বছর ঢাকা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। উনাকে সবাই চিনতেন।’
অনেকেই আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে বাড়িটিকে চেনে। লায়লা রকীব বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরও একবার এ বাড়িতে আসেন। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি কাজী মোহাম্মদ বশিরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সাদা একটি গাড়িতে করে তিনি আসেন। দোতলার বারান্দা থেকে তাঁকে দেখেছিলাম।’
বর্তমানে বাড়িটির তেমন জৌলুশই নেই। বাড়ির সামনের কৃত্রিম ঝরনাটি এখন চালু নেই। প্রাসাদে প্রতিদিনই কিছু না কিছু কাজ চলছে।
রোজ গার্ডেন সত্তরের দশকে বেঙ্গল স্টুডিওকে ভাড়া দেওয়া হয়। তখন বাড়িটি ছেড়ে আবদুর রকীবের পরিবার পাশেই আরেকটি বাড়িতে ওঠে। এরপরে আর ওই প্রাসাদে ফিরে যাওয়া হয়নি। লায়লা বলেন, বেঙ্গল স্টুডিওকে ভাড়া দেওয়ার পর বাড়িটির অবস্থা করুণ হয়ে যায়। সিনেমার শুটিং, মানুষের হইচই চলতে থাকত। ১৯৯৩ সালে রোজ গার্ডেনকে তাঁরা ফিরে পান। এরপর অনেকের অনুরোধে কিছু সিনেমার শুটিং করতে দিয়েছিলেন। তবে এখন আর দেন না। লায়লা রকীব বলেন, ‘এখন ক্ল্যাসিক্যাল ভালো কোনো সিনেমা না হলে ভাড়া দিই না। হইচই হয়, জিনিসের ক্ষতি হয়। তবে নাটকের কিছু শুটিং হয়ে থাকে। অনেকের বিয়ের অনুষ্ঠানও হয়।’ বাড়ির নিরাপত্তারক্ষী বলেন, দর্শনার্থীদের ঢোকার ব্যাপারেও বিধিনিষেধ আছে। বাড়িটির নিচতলায় সংস্কারকাজ হচ্ছে। মাঝের কক্ষটি ফাঁকা। দোতলা এখনো রাজকীয়ভাবে সাজানো। তবে সেখানে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় না। লায়লা বলেন, ‘একটু একটু করে সংস্কারের জন্য কাজ করছি। মায়া হয়ে গেছে বাড়িটার প্রতি।’ জানালেন, নাতিদের স্কুল নতুন ঢাকায়, যাতায়াতে তাদের কষ্ট হয়, তবু তিনি বাড়িটি ছেড়ে দেননি। নাতিদের প্রকৃতির সঙ্গে বড় করছেন।
বাড়িটির পেছনে আছে কর্মচারীদের থাকার একটি আবাসিক স্থান। বাগানও আছে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা থেকে শুরু করে দেশি প্রায় সব ধরনের ফলের গাছ আছে। শীতে খেজুরের রসও পাওয়া যায়। পুকুরে মাছের চাষ হয়। রোজ গার্ডেন হলেও শীত ছাড়া গোলাপের দেখা মিলবে না। ১৯৮৯ সালে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণের তালিকাভুক্ত হয়। অধিদপ্তরের লোকজন মাঝে মাঝে এসে বাড়িটি দেখে যান।
লায়লা রকীব ৫২ বছর আগে এ বাড়িতে বউ হয়ে এসেছিলেন। বউ-কথা-কও, ফিঙে, বুলবুলি, বকের ওড়াউড়ি; পুকুরে পানকৌড়ির ডুব তাঁর অনেক প্রিয়। বাড়িটি তিনি সংরক্ষণ করতে চান। ছেলেরা বিদেশে পড়াশোনা করলেও এখানেই আছেন। লায়লার আশা, দেশের ঐতিহ্যবাহী বাড়িটি পরবর্তী প্রজন্মও যত্ন করে ধরে রাখবে।