মায়াময়ী সড়কে এক মাস ধরে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর শহরের কামালকাছনায় মায়াময়ী সড়কে এক মাসের বেশি সময় ধরে নর্দমার নোংরা পানি জমে ছড়াচ্ছে পচা দুর্গন্ধ। এ সড়ক দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে মানুষ। ছবিটি গত সোমবার সকালের l প্রথম আলো
রংপুর শহরের কামালকাছনায় মায়াময়ী সড়কে এক মাসের বেশি সময় ধরে নর্দমার নোংরা পানি জমে ছড়াচ্ছে পচা দুর্গন্ধ। এ সড়ক দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে মানুষ। ছবিটি গত সোমবার সকালের l প্রথম আলো

রংপুর শহরের মায়াময়ী সড়কে মায়ার বন্ধন নেই। এক মাস হলো সড়কটিতে ময়লা-দুর্গন্ধযুক্ত নর্দমার পানি জমে আছে। এতে চরম দুর্ভোগ ও বিড়ম্বনা পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
শহরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কের নির্মাণকাজ চলছে। ওই সড়কের দুই পাশে বর্তমানে চলছে নালা নির্মাণের কাজ। এ কারণে সেখানকার বাসাবাড়ি ও দোকানপাটের ব্যবহৃত পানি নালায় না পড়ে পাশেই কিছুটা নিচু মায়াময়ী সড়কে গিয়ে পড়ছে।
ভুক্তভোগী ব্যক্তিদের ভাষ্য, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত পরিবারের লোক চলাচল করে। এ ছাড়া শালবনে অবস্থিত সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজে যাতায়াতে কামালকাছনার, বৈরাগীপাড়াসহ কিছু এলাকার শিক্ষার্থীদের প্রধান সড়ক এটি। কিন্তু সড়কটিতে এক মাসের বেশি সময় ধরে এভাবে নর্দমার ময়লা পানি জমে থাকায় তাদের দুর্ভোগের শেষ নেই। সম্পূর্ণ অকেজো হয়ে পড়ায় আশপাশের গলি দিয়ে কোনো রকমে মানুষজন হেঁটে চলাচল করলেও এ সড়ক দিয়ে রিকশাসহ কোনো যান চলাচল করতে চাচ্ছে না।
গত সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, সড়কটিতে নর্দমার পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। জমে থাকা পানি খুবই নোংরা ও অপরিচ্ছন্ন। অন্য সময়ে এ সড়ক দিয়ে শত শত মানুষ নির্বিঘ্নে চলাচল করলেও এখন অনেকে এ পথে হাঁটছেনও না। রিকশাচালকেরাও যেতে চান না। সড়কটির মুখে রয়েছে বেশ কিছু বাড়ি। সেসব বাড়ির লোকজন বাধ্য হয়ে অনেক কষ্টে চলাচল করছেন। এলাকায় একটি ক্লিনিকও রয়েছে। প্রতিষ্ঠানটির রোগী ও তাঁদের স্বজনদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী সেরাফুল হোসেন বলেন, এক মাসের বেশি সময় ধরে সড়কটি ব্যবহার করা যাচ্ছে না। নর্দমার পানি পুরো রাস্তার মধ্যে জমা হয়ে আছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। লোকজন বাধ্য হয়ে অনেক দূর ঘুরে কিংবা ছোট ছোট গলি দিয়ে চলাচল করছেন। কিন্তু সেসব গলিতে রিকশা না চলায় কষ্টের সঙ্গে বিড়ম্বনাও পোহাতে হচ্ছে।
স্থানীয় এক গৃহিণী আয়েশা সিদ্দীকা বলেন, স্কুলে সন্তানকে আনা-নেওয়া করার সময় রিকশা কাত হয়ে পড়ে। তখন বাধ্য হয়ে রিকশা থেকে নেমে যেতে হয়। কাপড় ভিজে যায়।
সড়কটির পাশে অবস্থিত ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল। এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদেরও যাতায়াতের প্রধান সড়ক এটি। কিন্তু বেহাল সড়কের কারণে তাদের মাত্র পাঁচ মিনিটের পথ যেতে হয় আধা ঘণ্টার পথ ঘুরে।
যোগাযোগ করলে রংপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী বেহাল সড়কটির কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘সড়কের উন্নয়নকাজ হওয়ায় সাময়িক কিছু অসুবিধা হচ্ছে। আশা করি খুব শিগগির ঠিক হয়ে যাবে।’ তবে কবে নাগাদ মানুষের দুর্ভোগ লাঘব হবে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।