মায়ার আপিল পুনঃশুনানির জন্য দুদকের আবেদন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাজার বিরুদ্ধে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার করা আপিল পুনঃশুনানির দিন নির্ধারণের জন্য হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার মামলাটি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় আসতে পারে।
বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার মোফাজ্জল হোসেন চৌধুরীর আপিল পুনঃশুনানির দিন ধার্য করতে আবেদন জমা দেয় দুদক। পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘আপিল বিভাগের নির্দেশনা অনুসারে মামলাটি পুনঃশুনানির দিন ধার্যের জন্য আমরা আবেদন করেছি। আদালত বলেছেন, সোমবার এটি কার্যতালিকায় আসবে।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার দায়ে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি মোফাজ্জল হোসেন চৌধুরীকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। ২০০৯ সালে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মোফাজ্জল হোসেন চৌধুরী। ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট তাঁকে খালাস দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। গত ১৪ জুন আপিল বিভাগ মোফাজ্জল হোসেন চৌধুরীকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বাতিল করে নতুন করে শুনানির নির্দেশ দেন।
আপিল বিভাগের এ রায়ের পর মন্ত্রী ও সাংসদ পদে মোফাজ্জল হোসেন চৌধুরীর থাকা সমীচীন নয় বলে মন্তব্য করেছিলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেছিলেন, মোফাজ্জল হোসেন চৌধুরীর মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকা সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, তিনি নৈতিকতার স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং আপিলে এখনো নির্দোষ সাব্যস্ত হননি।
অন্যদিকে মোফাজ্জল হোসেন চৌধুরীর আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেছিলেন, মামলাটি এখনো আপিলে রয়েছে এবং বিচারাধীন। সংবিধানে যা বলা আছে তা চূড়ান্ত রায়ের পর প্রযোজ্য হবে।