মায়ার বাঁধন ছিঁড়ে চলে গেল সুমাইয়া
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একটি ট্রলি ধরে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন আতিক মিয়া। ট্রলিতে শোয়ানো তাঁর পাঁচ বছরের চটপটে মেয়ে সুমাইয়া (৫)। নিথর, রক্তাক্ত ও মৃত। ট্রলি ঘিরে স্বজনদের কান্নাকাটি, পুলিশ-সাংবাদিক ছুটে আসছে, বিভিন্ন প্রশ্ন। কিন্তু আতিক মিয়া নির্বাক, দৃষ্টি নিবদ্ধ মেয়ের নিথর দেহের ওপর।গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত হয় শিশুটি। এ নিয়ে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় রাজধানীতে দুটি শিশুর মৃত্যু হলো।সুমাইয়ার স্বজনেরা জানায়, সুমাইয়ার বাবা আতিক মিয়া সিদ্দিকবাজারে একটি জুতার কারখানায় কাজ করেন। যাত্রাবাড়ীর কাজলারপাড় মধ্যপাড়ায় দুই ছেলেমেয়ে নিয়ে আতিকের ছোট সংসার। এর মধ্যে নুরুজ্জামান বড় আর সুমাইয়া ছোট। গতকাল বিকেলে আরবি শিক্ষক আমেনা বেগমের সঙ্গে বই কিনতে বের হয়েছিল সুমাইয়া। কুতুবখালী এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাস সুমাইয়াকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে আটটার দিকে তার মৃত্যু হয়।আরবি শিক্ষক আমেনা বেগম জানান, গতকাল সন্ধ্যার দিকে সুমাইয়ার খালাতো বোন সুস্মিতাকে (১১) নিয়ে তার জন্য বই কিনতে বের হচ্ছিলেন তিনি। এ সময় সুমাইয়াও তাদের সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরে। তখন তিনি সুমাইয়াকেও সঙ্গে নেন। কাজলারপাড় মধ্যপাড়া থেকে কুতুবখালী অল্প দূরত্ব কিন্তু রাস্তা পার হতে হয়। রাস্তা পারাপারের সময় সুমাইয়ার হাত ধরে ছিল সুস্মিতা। এ সময় হঠাৎ বেপরোয়া গতির একটি বাস সুমাইয়াকে ধাক্কা দেয়। হাসপাতালে আনার পর ছুটে আসতে থাকে সুমাইয়ার স্বজন ও এলাকার লোকজন। পাঁচ বছরের এই ছোট্ট জীবনেই মেয়েটি সবাইকে মায়ার বাঁধনে বেঁধেছে। তার লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে স্বজনেরা।