মায়ার মন্ত্রিত্ব চ্যালেঞ্জ করে করা রিট তৃতীয় বেঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদ চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চে পাঠিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
গত ১৭ আগস্ট এই রিট আবেদনের বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছিলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। জ্যেষ্ঠ বিচারপতি রুল দিলেও অপর বিচারপতি আবেদনটি খারিজ করেন। হাইকোর্টের কোনো বেঞ্চে বিভক্ত আদেশ হলে নিয়ম অনুসারে তা নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি। ওই নিয়ম অনুসারে গতকাল বুধবার ওই রিট আবেদনটি পাঠানো হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার দায়ে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি মোফাজ্জল হোসেন চৌধুরীকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। ২০০৯ সালে ওই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট তাঁকে খালাস দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪ জুন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে মামলাটি নতুন করে শুনানির নির্দেশ দেন।
এরপর মোফাজ্জল হোসেন চৌধুরীর মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদ চ্যালেঞ্জ করে ৭ জুলাই হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে এতে বিবাদী করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে বিভক্ত আদেশ দেন হাইকোর্ট।