মায়েদের নিয়ে বন্ধুসভার অন্য রকম আয়োজন

বিশ্ব মা দিবস উপলক্ষে ১০ মে প্রথম আলোর চট্টগ্রাম বন্ধুসভা কার্যালয়ে বসে মা-সন্তানের মিলনমেলা। অন্য রকম এই আয়োজনে বন্ধুরা হাজির হয়েছিলেন তাঁদের মাকে সঙ্গে নিয়ে। এ ছাড়া অনুষ্ঠানে চট্টগ্রামের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ছিল মাকে নিয়ে নাচ, গান, আবৃত্তি ও কথামালার আয়োজন।
শুরুতে মায়েদের ফুল দিয়ে সম্মাননা জানান বন্ধুরা। এরপর শুরু হয় কথামালা। এ পর্বে একে একে মা এবং সন্তানেরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। মায়েদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা দিলারা বেগম, কলকাকলি উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা সীমা আখন্দ, মেরন সান স্কুল ও কলেজের শিক্ষিকা স্বপ্না রানী দত্ত, মা সুপ্তি চৌধুরী, রিনা শওকত, জয়শ্রী মজুমদার, পল্লবী খাস্তগীর ও ফাতেমা রোখসার। সন্তানদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন জয়নাল আবেদীন, প্রান্তিকা ভৌমিক, ফারিয়া, নুরুদ্দীন আকবর, সোহরাব ফারুকী, নাজমুল বাদশাহ ও ফাহিম উদ্দিন।
কথামালার ফাঁকে ফাঁকে নৃত্য পরিবেশন করেন তানজিলা বিনতে শওকত। এ ছাড়া সঞ্জয় বিশ্বাসের আবৃত্তি এবং জয়শ্রী মজুমদার ও স্বপ্না রানী দত্তের গানের পরিবেশনা মাতিয়ে রাখে আয়োজন। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন মিনহাজ হোসাইন।