মায়েদের সচেতনতা জরুরি
গুলশান, শোলাকিয়াসহ দেশব্যাপী সন্ত্রাসী ও জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা এসব কর্মসূচি পালন করেন। রাজশাহীতে যুব মহিলা লীগের মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে মায়েদের সচেতন হওয়া জরুরি।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: বিকেলে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন হয়। জেলা যুব মহিলা লীগ এর আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী নার্গিস আক্তার। আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার, জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসমিন প্রমুখ। বক্তারা বলেন, ‘মায়েরা সচেতন হলে সন্তান বিপথে যেতে পারে না। সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, মাকে তার খোঁজ রাখতে হবে।’ বেলা ১১টায় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের জেলা শাখার পক্ষ থেকে একই স্থানে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক সফিকুর রহমান। বিকেলে নগরের কমিউনিটি সেন্টারে ওলামা ও সুধী সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জয়পুরহাট: সকাল সাড়ে ১০টার দিকে কালাই থানা চত্বরে মসজিদের ইমাম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা মতবিনিময় সভা করেন। কালাই উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজন করে। কালাই থানার ওসি সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন।
নওগাঁ: সকালে নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ হয়। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুস ছাত্তার সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন উপাধ্যক্ষ পি এম আদম আলী, শিক্ষক আদীব আলতাফ হোসেন প্রমুখ।
সিরাজগঞ্জ: সকাল ১০টার দিকে শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর সড়কে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক প্রমুখ।
বাগমারা (রাজশাহী): সকালে বাগমারার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে ভবানীগঞ্জের প্রধান সড়কগুলো ঘুরে সেটি সমাবেশে মিলিত হয়। এতে ইউএনও নাছরিন আক্তার সভাপতিত্ব করেন।
ঈশ্বরদী (পাবনা): সকালে ঈশ্বরদী প্রেসক্লাব চত্বরের সামনে সমাবেশ, মানববন্ধন ও পথসভা হয়। শিক্ষক সমিতির উপজেলা শাখা এর আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক।
দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান (জে কে) ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজটির হলরুমে সকালে সমাবেশ হয়। এতে অধ্যক্ষ আবদুল মজিদ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইউএনও শাহেদ পারভেজ, পরিদর্শক (তদন্ত) জহুরুল হক, পৌর মেয়র বেলাল হোসেন প্রমুখ।
আদমদীঘি (বগুড়া): বেলা ১১টায় উপজেলার সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ হয়। এতে কলেজ ছাত্রলীগের সভাপতি শাহারুজ্জামান স্বাধীন সভাপতিত্ব করেন।
শেরপুর (বগুড়া): দুপুর ১২টায় শেরপুর ডি জে হাইস্কুল বিদ্যালয় চত্বরে সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবেশ শেষে মিছিল হয়।