মায়েদের সম্মাননা জানাল ঢাকা

মা দিবসের ধারণা পাশ্চাত্য থেকে এলেও এটি এখন ধীরে ধীরে এ দেশের মানুষ পালন করতে শুরু করেছে। এমনটাই দেখা গেল গতকাল রোববার। আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক যে যেভাবে পারেন মাকে মনে করেছেন। মায়েদের সম্মাননা জানাতে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন নানা আয়োজন করেছে, তেমনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনেকেই মাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
বিশ্ব মা দিবসে প্রতিবছরের মতো আজাদ প্রোডাক্টস (প্রা.) লিমিটেড রত্নগর্ভা মায়েদের সম্মাননা দিয়েছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নয়জন মাকে দিয়েছে বিশেষ সম্মাননা। এ ছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে দিনটি।

মাকে নিরাপদ পরিবেশ দেওয়ার আহ্বান স্পিকারের: গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে আজাদ প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের উদ্যোগে আয়োজিত ৩৪ জন রত্নগর্ভা মাকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সন্তানের প্রত্যেক ক্ষেত্রে মায়ের যে ভূমিকা, তার বিকল্প নেই। এই ভূমিকা অনন্য। জীবনের প্রতিটি দিনই ‘মা দিবস’ হিসেবে পালন করা উচিত। পাশাপাশি মাকে নিরাপদ পরিবেশ দিতে হবে।
অনুষ্ঠানে ৩৪ জন মায়ের পাশাপাশি নাট্যজন ইনামুল হককে দেওয়া হয় ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ নামে একটি পুরস্কার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা ক্লাবের সভাপতি সৈয়দ শাহেদ রেজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লাকী ইনাম, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেকার আহমেদ প্রমুখ।
পুরস্কার পেলেন যেসব রত্নগর্ভা মা: সাধারণ শ্রেণিতে পুরস্কার পাওয়া মায়েরা হলেন আমেনা বেগম, জামিলা আক্তার, হোসনে আরা বেগম, মোছা. হোসনে আরা বেগম, সুফিয়া খানম, রেহানা সামাদ, সুলতানা রোকেয়া আখতার, জাহান-আরা আহমদ, মোছা. রওশন আরা খাতুন, নূরে আলম মর্ত্তুজা বেগম, প্রভাবতী চাকমা, মঞ্জু রানী মিস্ত্রি, শিখা বড়ুয়া, যোসপিন কোড়াইয়া, সৈয়দ শাহান আরা, সালিমা খাতুন, খুরশীদ জাহান, খোরশেদ আরা বেগম, লুৎফুন নাহার বেগম, লতিফা বেগম, মাকছুদা বেগম, মোছা. আনোয়ারা বেগম, হাসিনা বানু, মায়মুনা বেগম ও ইউ কে এম ফরিদা বেগম।
বিশেষ শ্রেণিতে পুরস্কার পাওয়া মায়েরা হলেন মঞ্জু আরা, কামরুন নিসা, তহুরা আক্তার খাতুন, শিরিন হক, সুলতানা রাজিয়া, জিন্নাতুন নেসা, রেজিয়া বেগম, আফরোজা বেগম ও সেতারা বেগম।
‘গরবিনী মা’ সম্মাননা: ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের উদ্যোগে নয়জন মাকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘আমাকে যদি প্রশ্ন করা হয় আমার জীবনের শ্রেষ্ঠ সময় সম্পর্কে, তাহলে আমি বলব আজকের সকাল হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ সময়ের একটি অংশ। যে সকালবেলাটা আমি পার করছি সফল মায়েদের সঙ্গে।’
গতকাল রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘মা এমন একটি অভিভূত সত্তা যার সঙ্গে আমরা ভাষা, দেশ, পৃথিবীকে তুলনা করি। যা আমাদের আশ্রয় দেয়।’
সম্মাননা পাওয়া মায়েরা হলেন নুসরাত জাহান ইকবাল, বেগম রৌশন আরা, বেগম হালিমা খাতুন, জাহানারা হক, রুহিলা খাতুন, নাজমা আক্তার, ফিরোজা আহমেদ, আয়েশা আকতার ও নাছিমা বেগম।