মায়ের আকুলতা
সব ঝড়ঝঞ্ঝা নিজের কাঁধে নিয়ে সন্তানকে আগলে রাখেন মা। সন্তানের বিপদে নিজের জীবনের কথা ভুলে তাকে রক্ষায় ঝাঁপিয়ে পড়েন মা। সন্তানের প্রতি মায়ের এ মমতা শুধু যে মানবজাতির মধ্যেই রয়েছে তা নয়। অন্য অনেক প্রাণিকুলের মধ্যেও রয়েছে এ মাতৃত্ব। সন্তানের জন্য মায়ের এ আকুলতা, এ অনন্য মমত্ববোধের নজির যেন আরেকবার দেখল ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের লোকজন।
গতকাল মঙ্গলবার সেখানে একটি মা কুকুর তার মৃত সন্তানের দেহ আঁকড়ে বসে ছিল দীর্ঘ আট ঘণ্টা। এর মধ্যে মৃত ছানাটিকে সরিয়ে নিতে মা কুকুরটিকে তাড়াতে নানাভাবে ভয় দেখানো হয়। কিন্তু সন্তানকে ছেড়ে একচুলও নড়েনি সে।
ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে তিনটি ছানা সঙ্গে নিয়ে সড়ক পার হচ্ছিল মা কুকুরটি। এ সময় একটি দ্রুতগামী জিপগাড়ি একটি ছানাকে চাপা দেয়। দুর্ঘটনার পর মা কুকুরটি চিৎকার করতে করতে জিপটিকে ধাওয়া করে। স্থানীয় লোকজন আহত ছানাটিকে উদ্ধার করে সড়কের পাশে রেখে দেয়। কিছুক্ষণ পর কুকুরটি ফিরে এসে আহত সন্তানের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। এরপর সন্তানের শরীর চাটতে শুরু করে। যেন এ ভালোবাসার পরশ দিয়ে সন্তানের সব বেদনা নিতে চায় নিজে টেনে। কিন্তু শেষরক্ষা হয়নি। ঘণ্টা খানেকের মধ্যে ছানাটি মারা গেলে মা কুকুরটি নিশ্চুপ হয়ে বসে পড়ে মৃত সন্তানের পাশে।
চা ব্যবসায়ী মোহাম্মদ কালাম বলেন, কুকুরছানার মৃতদেহটি সরিয়ে নিতে চাইলেও মা কুকুরটি তা করতে দেয়নি। ভয় দেখিয়েও মৃত ছানার পাশ থেকে কুকুরটিকে সরানো যায়নি। তিনি বলেন, ‘আগে আমরা কুকুরটিকে বিস্কুট-পাউরুটি খেতে দিতাম। ছানাটি মারা যাওয়ার পর কুকুরটি কিছু খাচ্ছেও না।’
শহরের প্রবীণ শিক্ষাবিদ মনতোষ কুমার দে বলেন, ‘কুকুর হলেও সন্তানের প্রতি মায়ের এ আকুলতা চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হতো। আসলে মায়ের মমতার কোনো ভিন্নতা নেই। সে মানুষ হোক কিংবা পশু-পাখি।’