সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু জাতীয় সাঁতার, ডাইভিং এবং ওয়াটার পোলো প্রতিযোগিতায় ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়েছে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম (১৭)। মাত্র আট মাস বয়সে বাবাকে হারানো সামিউলকে এ পর্যায়ে আনতে তার মাকে পাড়ি দিতে হয়েছে জীবনের উত্তাল সমুদ্র। মায়ের কষ্টের কথা, নিজের সাঁতারু হয়ে ওঠার গল্প প্রথম আলোকে শুনিয়েছেন সামিউল। সাক্ষাৎকার নিয়েছেন রাশেদুল ইসলাম।
প্রশ্ন :
প্রথম আলো: অনেকেই মনে করছেন, তুমিই দেশের সাঁতারের ভবিষ্যৎ। কেমন লাগছে?
সামিউল: সবাই খুব ভালো ব্যবহার করছেন। প্রশংসা করছেন। এতে বোঝা যাচ্ছে আমি ভালো কিছু করতে পেরেছি। আমি রাজবাড়ীর বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজে পড়ছি (দ্বাদশ শ্রেণি)। পত্রিকায় ছবি দেখে শিক্ষকেরা আমাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রশ্ন :
প্রথম আলো: সাঁতারে আসা কীভাবে?
সামিউল: আমি তখন সপ্তম শ্রেণিতে পড়ি। ২০১৬ সাল। একদিন বিকেলে সাইকেল চালাচ্ছিলাম। সে সময় ‘সেরা সাঁতারুর খোঁজ’ নিয়ে মাইকিং শুনতে পাই। কোনো প্রস্তুতি ছাড়াই পরের দিন সকালে রাজবাড়ী জেলার সুইমিংপুলে গিয়ে সাঁতারে অংশ নিই। প্রথম হয়ে যাই। কয়েকটি ক্যাম্প শেষে ফেডারেশনের অধীনে প্রায় তিন বছর মেয়াদি অনুশীলনের সুযোগেই সাঁতারু হতে পেরেছি। আমার পেছনে অনেক অবদান আছে জাতীয় ক্রীড়া পরিষদের কোচ গোলাম মওলা স্যারের। প্রতিযোগিতামূলক সাঁতার শেখাটা ওনার কাছে থেকেই।
প্রশ্ন :
প্রথম আলো: সবাই ক্রিকেটার বা ফুটবলার হতে চায়। তুমি সাঁতারু হতে চাইলে কেন?
সামিউল: ছোটবেলায় ক্রিকেট খেলেছি। তবে কখনো ক্রিকেটার হতে চাইনি। ‘সেরা সাঁতারুর খোঁজে’ যেদিন প্রথম ট্রায়াল দিয়েছিলাম, সেদিন রাতে টিভিতে সাঁতারু সাগর (মাহফিজুর রহমান) ভাইয়ের সাক্ষাৎকার দেখেছিলাম। উনি সেদিন রিও অলিম্পিক খেলতে ব্রাজিলে যাচ্ছিলেন। আমার সাঁতারু হওয়ার পেছনে সেটা বড় অবদান রেখেছে।
প্রশ্ন :
প্রথম আলো: এখন সাঁতারে তোমার অনুপ্রেরণা কে?
সামিউল: যুক্তরাষ্ট্রের কেলেব ড্রেসেল। দেশে নাহিদ ভাই (মাহমুদুন্নবী নাহিদ), সাগর ভাই ও জুয়েল ভাইদের (জুয়েল আহমেদ) দেখে শেখার চেষ্টা করি।
প্রশ্ন :
প্রথম আলো: আট মাস বয়সে বাবাকে হারিয়েছ। এরপর সংসার চলেছে কীভাবে?
সামিউল: আমার মা কখনোই বাবার অভাব বুঝতে দেননি। তিনি আমাকে মানুষ করার জন্য ব্র্যাকে চাকরি করেছেন। এখন বুঝি মায়ের ওপর দিয়ে অনেক ঝড় গেছে। আমার জন্য আমার মামারাও অনেক কষ্ট করেছেন।
প্রশ্ন :
প্রথম আলো: জাতীয় সাঁতারে অতীতে অনেকে ভালো করেছেন। পরে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে মেলে ধরতে পারেননি। আপনি কি পারবেন?
সামিউল: আপাতত আমার লক্ষ্য ২০২৩ সালের সাউথ এশিয়ান গেমস। আমি যদি মূল ইভেন্ট ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সময় ২ সেকেন্ড কমিয়ে আনতে পারি, তাহলেই সোনা জিততে পারব। এখন যেভাবে অনুশীলন চলছে, আর আমি যেভাবে উন্নতি করছি, তাতে আশা করি পারব। আমার গত বছরের ছবি দেখলেই বোঝা যায় আমি শুধু লম্বা হয়েছি, পেশি সেভাবে গড়ে ওঠেনি। এক বছরের মধ্যে শারীরিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠব আশা করি।
প্রশ্ন :
প্রথম আলো: সর্বশেষ ২০১৯ সাউথ এশিয়ান গেমসে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৪ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ভারতের শ্রীহরি নাতারাজ। তোমার রেকর্ড ২৭ দশমিক ৩৮ সেকেন্ড। দেশে ‘হ্যান্ড টাইমিংয়ে’ রেকর্ড করে আন্তর্জাতিক আসরের জন্য আত্মবিশ্বাস পাও?
সামিউল: আমার মনে হয়, ইলেকট্রনিক টাইমিংয়ে সাঁতরালে আরও কম সময় আসবে। এখানে সাঁতার শেষ করলে সেটা দেখার পর টাইমকিপার স্টপ ওয়াচে চাপ দেন। এতে কিছু সময় নষ্ট হয়। শতকরা ৭০ থেকে ৮০ ভাগ সময়ে এটাই কিন্তু হয়।
প্রশ্ন :
প্রথম আলো: তুমি নাকি এখন সংসারের হাল ধরেছ?
সামিউল: ২০১৯ সালের নভেম্বরে নৌবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছি। যা বেতন পাই, তা থেকে নিজের জন্য কিছু টাকা রেখে বড় অংশ মাকে দিয়ে দিই। জাতীয় সাঁতারের জন্য গত দুই মাসে কিছু টাকা বেশি রাখতে হয়েছে। কারণ, অনেক ভালো খাবার খেতে হয়েছে।
প্রশ্ন :
প্রথম আলো: মায়ের জন্য কী করতে চাও?
সামিউল: মা হজে যেতে চান। যত তাড়াতাড়ি সম্ভব সাঁতারের টাকা দিয়ে মাকে হজে পাঠাতে চাই।