মায়ের কথা রাখতেই পরীক্ষা দিল সোহানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের স্বপ্ন পূরণ করতেই শোককে শক্তিতে পরিণত করে পরীক্ষায় অংশ নিয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। গতকাল রাতে সোহানুর রহমান নামের ওই পরীক্ষার্থীর মা অসুস্থ হয়ে মারা যান। মায়ের লাশ বাড়িতে রেখে আজ বুধবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয় সোহানুর। ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সোহানুর রহমানের মা সেলিনা বেগম (৪০) কিডনি সমস্যা জনিত রোগে অসুস্থ হয়ে হঠাৎ করে মারা যান। এ অবস্থায় মায়ের লাশ বাড়িতে রেখে বুধবার সকালে ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় সোহানুর। সে জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

শোকাহত এই পরীক্ষার্থীর খোঁজখবর নিতে পরীক্ষার কেন্দ্রে আসেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা এবং নির্বাহী হাকিম জগৎবন্ধু মণ্ডল। পরে তাঁরা সোহানুরের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন।

পরীক্ষার কেন্দ্রে বসে সোহানুর বলেন, মায়ের আশা ছিল আমি যেন ভালোভাবে লেখাপড়া করে তাঁর মুখ উজ্জ্বল করতে পারি। তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করতে সেইভাবে লেখাপড়া করব বলে কথা দিয়েছিলাম। কিন্তু মা যে এ সময় হঠাৎ করে আমাকে ছেড়ে চলে যাবে তা বুঝতে পারিনি। তাই মাকে দেওয়া কথা রাখতেই তাঁর লাশ বাড়িতে রেখে পরীক্ষার কেন্দ্রে এসেছি। আমার পরীক্ষা শেষে মায়ের লাশ দাফনের কাজ হবে।