মায়ের কফিন ছুঁয়ে আর মাদক না নেওয়ার শপথ
মা, এক ছেলে আর এক মেয়ে মিলে তিনজনের সংসার। সংসারে দারুণ অভাব। স্বামী মারা গেছেন সন্তানদের ছোট রেখে। অভাবের সংসারে মা অনেক কষ্টে সন্তানদের কোলেপিঠে করে বড় করেছেন। কিন্তু ছেলে একসময় দুষ্টু বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে।সংসারে নেমে আসে অন্ধকার। অবশেষে মা-মেয়ে অতিষ্ঠ হয়ে ছেলেকে জেলে দেন। অসহায় মা ছেলের জন্য দুশ্চিন্তা আর রোগশোকে ভুগে গতকাল শনিবার সকালে মারা যান। জেলগেটে মায়ের লাশ দেখে বুকফাটা কান্নায় ভেঙে পড়েন ছেলেটি (২৫)। এরপর মায়ের কফিন ছুঁয়ে শপথ নেন, আর কখনো মাদক নেবেন না। ছেলেটির বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকায়।প্রতিবেশীরা জানান, ছোটবেলায় ভাইবোন বাবাকে হারিয়েছেন। বোন বড়। এরপর মা অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে তাঁদের বড় করেন। একসময় ছেলেটি বাড়ির পাশে সুরমা নদীর খেয়াঘাটে কাজ নেন। তখন তিনি সংসারের খরচের জন্য কিছু টাকা-পয়সা দিতেন। কিন্তু একপর্যায়ের এলাকার কিছু নেশাগ্রস্ত ছেলের পাল্লায় পড়ে তিনিও মাদক নিতে শুরু করেন। নেশার টাকা জোগাড় করতে গিয়ে নানাভাবে মাকে জ্বালাতন শুরু করেন। ঘর থেকে জোর করে জিনিসপত্র বিক্রি করে দেন। পাঁচ মাস আগে মা-মেয়ে অতিষ্ঠ হয়ে ছেলেটিকে পুলিশে দেন।গতকাল শনিবার সকালে মা মারা গেলে প্রতিবেশীরা মায়ের মৃতদেহ ছেলেটিকে দেখানোর জন্য সংশ্লিষ্টদের কাছে আবেদন করেন। কিন্তু আবেদনটি সঠিকভাবে না হওয়ায় ছেলেটি প্যারোলে মুক্তি পাননি। পরে বেলা সাড়ে তিনটার দিকে প্রতিবেশীরা মরদেহ জেলগেটে নিয়ে যান। মায়ের কফিন দেখেই বুকভাঙা আহাজারি শুরু করেন ছেলেটি। মায়ের কফিনের পাশে ছেলের বিলাপ আর আহাজারিতে সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।ছেলেটির প্রতিবেশী ব্যবসায়ী মো. সালিকুর রহমান বলেন, ‘পরিবারটি খুবই দরিদ্র। মায়ের অনেক আশা ছিল তাঁকে নিয়ে। কিন্তু তিনি মাদকাসক্ত হওয়ায় মা একেবারে অসহায় হয়ে পড়েন। আমরা জেলগেটে গেলে মায়ের লাশ দেখে ছেলেটি আহাজারি শুরু করেন। একপর্যায়ে ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চান। আর কখনো মাদক নেবেন না বলে শপথ নেন।’