ছয় বছরের শিশু আতিকার সামনেই তার মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কিন্তু সে জানে না, মা তাকে ছেড়ে চলে গেছেন চিরতরে। মুখে ও মাথায় ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা আতিকা তাই শুধু মায়ের কাছে যেতে চাইছে। এ সময় যিনি স্নেহের পরশ বোলাতে পারতেন, সেই বাবাও এখন কারাগারে। গত শুক্রবার সকালে রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়েন রত্না আক্তার, তাঁর দুই সন্তান আসিফ রিফাত ও আতিকা সুলতানা। এতে রত্না ঘটনাস্থলেই মারা যান। আহত ভাইবোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে গিয়ে দেখা যায়, আতিকাকে খাওয়ানো হচ্ছে। তার চোখে-মুখে এখনো আতঙ্কের ছাপ। স্বজনেরা এ সময় জানান, শুক্রবার সারারাত আতিকা সংজ্ঞাহীন ছিল। গতকাল সকালে তার জ্ঞান ফেরে। এর পর থেকে সে বারবার মায়ের কাছে যেতে চাইছে। বিছানায় বসা মামাতো বোন তাকে শিগগিরই বাসায় নিয়ে যাওয়ার আশ্বাস দিচ্ছেন। আতিকার বাবা খন্দকার এ কে এম রিপনকে ৯ ডিসেম্বর পল্টন থানায় বিএনপিসহ ১৮ দলের নেতা-কর্মীদের নামে দায়ের হওয়া বিস্ফোরক, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর পর থেকে তিনি কারাবন্দী। স্বজনেরা জানান, ১৮ দলের অবরোধ কর্মসূচির পরদিন ১০ ডিসেম্বর পল্টন সিটি মার্কেটের সামনে থেকে পুলিশ রিপনকে আটক করে। ভগ্নিপতি আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, রিপন এজাহারভুক্ত আসামি না হলেও অজ্ঞাতনামা আসামির স্থানে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি বারিধারার একটি হোটেলের ব্যবস্থাপক।আবদুল লতিফ বলেন, গত শুক্রবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রিপনের সঙ্গে দেখা করতে গেলে স্ত্রীর মৃত্যুর খবরে তিনি কান্নায় ভেঙে পড়েন। আবদুল লতিফ জানান, পুলিশের অনুমতি নিয়ে রত্নার লাশ ময়নাতদন্ত ছাড়াই নরসিংদী সদর উপজেলার বেলাব গ্রামে শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত রত্না আক্তারের স্বজনেরা জানান, ভাইবোন আতিকা ও আসিফ কয়েক দিন ধরেই বাবাকে দেখার জন্য ব্যাকুল ছিল। কারাগারে স্বামী কেমন আছেন, কী খাচ্ছেন—এ নিয়ে চিন্তা করে নিজে ঠিকমতো খেতে পারতেন না রত্না। ছেলে আসিফকে বলেছিলেন, ‘তোর আব্বু সেখানে না খেয়ে মরে যাবে। ওর জন্য পানি আর কিছু খাবার নিতে হবে।’গত শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে খিলগাঁও তিলপাপাড়ার বাসা থেকে সন্তানদের নিয়ে রিকশায় কারাগারের উদ্দেশে রওনা হন রত্মা। তাঁদের রিকশাটিসহ আরও কিছু যানবাহন খিলগাঁও রেলক্রসিংয়ে রেললাইনের ওপর থাকা অবস্থায় একটি দ্রুতগামী ট্রেন সব কটি যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান রত্না।