মায়ের কোলে ফিরতে চায় রিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিতা
রিতা

আট বছরের রিতা তার মায়ের কোলে ফিরে যেতে চায়। কিন্তু সে তার ঠিকানা বলতে পারে না। শুধু বলতে পারে, তার বাড়ি সিলেটে।
আজ মঙ্গলবার আদালত এলাকায় রিতা প্রথম আলোকে বলে, তার বাড়ি সিলেটে। বাবার নাম দেলোয়ার হোসেন। তিনি মারা গেছেন। মায়ের নাম রিজিয়া। এক চাচা তাকে ঢাকায় নিয়ে আসে। পরে তাকে তালহা নামের এক লোকের বাসায় কাজ দেন। সেখানে সে গৃহকর্মীর কাজ করত। কিন্তু তাকে নির্যাতন করার কারণে ওই বাসা থেকে পালায় সে। তালহা নামের ওই লোকের বাসা ঢাকার কোন এলাকায় তা রিতা বলতে পারেনি। তবে বারবার রিতা বলছিল, সে তার মায়ের কোলে ফিরে যেতে চায়।
গত ১ ফেব্রুয়ারি গুলশান থানা-পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। পরে আদালতের আদেশে মেয়েটিকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। এরপর আদালতের আদেশে গত ২৯ ফেব্রুয়ারি রিতাকে জিম্মায় নেন লাবণ্য হাসান নামের এক নারী।
রিতাকে আজ মঙ্গলবার আদালতে হাজির করেন পল্টন থানার উপপরিদর্শক ওসমান গনি। শিশুটিকে স্থায়ীভাবে নিরাপদ হেফাজতে রাখার জন্য গাজীপুরের কোনাবাড়ী কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করেন পুলিশের এই কর্মকর্তা। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের আদেশে শিশুটিকে কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত হাজতখানার ওসি মুরাদ হোসেন প্রথম আলোকে বলেন, শিশুটিকে কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।