মায়ের কোল থেকে শিশুকে অপহরণ
বগুড়ার ধুনটে যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কোল থেকে চার মাসের শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। পুলিশ ১২ ঘণ্টা পর গত সোমবার রাতে শিশুটিকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুয়াডহরী গ্রামের আবদুল হাকিমের মেয়ে হাসিনা বেগমের সঙ্গে ১০ বছর আগে জোড়খালী গ্রামের মজনু মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় গত পাঁচ বছর ধরে হাসিনাকে স্বামীর নির্যাতন সইতে হচ্ছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েক দফা বৈঠক করে কোনো সমঝোতা হয়নি। চার মাস আগে হাসিনা একটি কন্যাসন্তান জন্ম দেন। এর এক মাস পর মজনু মিয়া যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। হাসিনা বেগম শিশুকন্যা মানছুরা খাতুনকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। সোমবার সকাল আটটায় মজনু মিয়া শ্বশুরবাড়ি গিয়ে আবারও যৌতুকের টাকা দাবি করেন। হাসিনার পরিবার টাকা দিতে অস্বীকার করলে মজনু মিয়া স্ত্রীকে মারধর করে তাঁর কোল থেকে শিশুকন্যাকে নিয়ে চলে আসেন। এরপর ওই শিশুকে নিজ বাড়িতে আটক রেখে যৌতুকের টাকা দাবি করেন। এ ঘটনায় হাসিনা বেগম স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ মজনু মিয়ার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে মা হাসিনা বেগমের কোলে ফিরিয়ে দেয়। তবে মজনু মিয়া জানান, স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি তাঁর সন্তানকে বাড়িতে নিয়ে আসেন। যৌতুকের জন্য অপহরণের ঘটনা সত্য নয়। ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মাজেদ জানান, গ্রাম্য মাতব্বরেরা বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন।