মায়ের কোল ফিরে পেল ঐন্দ্রিলা
দেড় বছর বয়সী ঐন্দ্রিলা দাস আদালতের মাধ্যমে মায়ের কাছে ফিরে গেছে। গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোকুল কৃষ্ণ ঘোষের নির্দেশে ওই শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে আদালত মেয়েটির মাকে সপ্তাহে এক দিন আদালতে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন।গত মঙ্গলবার রাতে মেয়েটির মা বাগেরহাট জেলা জজশিপের কচুয়া সহকারী জজ আদালতের হিসাবরক্ষক সুবর্ণা রানী মণ্ডল শাশুড়ি গায়ত্রী রানী দাস ও স্বামী ধীমান দাসের কাছ থেকে মেয়েকে ফিরে পেতে ম্যাজিস্ট্রেট গোকুল কৃষ্ণ ঘোষের আদালতে লিখিত অভিযোগ করেন। ওই দিন রাতে আদালত পুলিশকে তাঁদের কাছ থেকে ওই মেয়েটিকে উদ্ধার করে আদালতে হাজির করার নির্দেশ দেন।সুবর্ণা রানী মণ্ডল গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ১৮ জানুয়ারি শহরের দশানী এলাকার ধীমান দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। এ বছরের আগস্ট মাসে স্বামী ও শাশুড়ির নির্যাতনের শিকার হন তিনি। ২৫ আগস্ট রাতে তাঁর চুল কেটে দেওয়া হয়।সুবর্ণা জানান, গত রোববার রাতে স্বামী ও শাশুড়ি তাঁর হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দেন এবং ছুরি দিয়ে হত্যার চেষ্টা চালান। পরে ঘরের একটি কক্ষে তালা মেরে আটকে রাখেন। পরদিন সোমবার অফিসে যাওয়ার সম্মতি নিয়ে মেয়েটিকে বাসায় রেখে ঘর থেকে বের হন এবং শহরের কচুয়াপট্টি এলাকায় ভগ্নিপতির বাড়িতে আশ্রয় নেন। সুবর্ণা বলেন, ‘মেয়েটির মুখের দিকে তাকিয়ে অমানুষিক নির্যাতন সহ্য করেছি। আদালতের মাধ্যমে আজ মেয়েটিকে ফিরে পেয়েছি। আমার ওপর যাঁরা নির্যাতন চালিয়েছেন, তাঁদের শাস্তি দাবি করছি।’উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ও মেয়েটির জামিনদার শেখ আসাদ বলেন, ‘সুবর্ণাকে যেকোনো ধরনের আইনি সহায়তা দিতে আমরা প্রস্তুত রয়েছি।’বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মঙ্গলবার রাত ১১টার দিকে ধীমান দাসের বাড়ি থেকে দেড় বছর বয়সী শিশু ঐন্দ্রিলাকে উদ্ধার করা হয়। তাকে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।সুবর্ণার স্বামী ধীমান দাস ও শাশুড়ি গায়ত্রী দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।