মায়ের কোলেই নিরাপদ হূদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী ফারজানা বেগমকে পিটিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন স্বামী মো. রুমেল। কিন্তু রেখে দেন পাঁচ মাসের শিশু হূদয়কে। এরপর শিশুটিকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয় ফেনীতে। গতকাল সোমবার শিশুটিকে উদ্ধার করে আবার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর শিশুটির বাবা রুমেল পালিয়ে গেছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ও ফাইট ফর উইমেনস রাইটের চেয়ারম্যান রেহেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘প্রথমে শুনেছিলাম, স্ত্রীকে অপহরণ করে শিশুটিকে রেখে দিয়েছেন রুমেল। পরে জানতে পারি, শিশুটিকে ফেনীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রুমেল ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে পাঁচ হাজার টাকাও নিয়েছেন। আমি শিশুটিকে ফিরিয়ে আনার জন্য রুমেলকে চাপ দিই। এরপর শিশুটিকে ফেনী থেকে আনা হয়। দুপুরে পুলিশ আসার খবর শুনে রুমেল পালিয়ে যান।’ তিনি বলেন, শিশুটিকে পেয়েই মা ফারজানা দৌড়ে এক পাশে চলে যান। এরপর বুকের দুধ পান করান। জানা যায়, আগ্রাবাদ দাইয়াপাড়ায় রুমেল ও ফারজানা বেগম বাসা ভাড়া নিয়ে থাকতেন। পেশায় ফারজানা তৈরি পোশাক কারখানার শ্রমিক এবং রুমেল মাইক্রোবাসের চালক। বর্তমানে রুমেল বেকার। ফারজানাও বাচ্চা লালন-পালনের জন্য পোশাক কারখানার চাকরি ছেড়ে দেন।ফারজানা বলেন, ‘চাকরি ছেড়ে দেওয়ার পর টাকার জন্য রুমেল প্রায়ই আমাকে মারধর করতেন। একপর্যায়ে ১৬ অক্টোবর শিশুসন্তানকে রেখে আমাকে বাবার কাছে পাঠিয়ে দেন। বিষয়টি আমি গতকাল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগমকে জানাই।’ এ ঘটনায় মামলা হচ্ছে জানিয়ে রেহেনা বেগম বলেন, ‘এটি মূলত অপহরণ মামলাই হয়। তবে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, আসামি বাবা। এ জন্য এ নিয়ে পুলিশের সঙ্গে পরামর্শ করা হবে।’ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনো মামলা হয়নি।