মায়ের গর্ভে পাঁচ মাসের জীবিত সন্তানকে মৃত বলে অস্ত্রোপচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের গর্ভে পাঁচ মাসের সন্তান। তার অবস্থা জানতে মা সিলেটের একটি বেসরকারি শিশু হাসপাতালে যান। গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক গর্ভে থাকা সন্তান মারা গেছে বলে মাকে হাসপাতালে ভর্তি করেন। দুই দিন পর কথিত মৃত সন্তানের মায়ের অস্ত্রোপচার করে দেখা যায়, সন্তান মৃত নয়, জীবিত! অকাল গর্ভপাত ঘটানোয় নবজাতক প্রায় ২৬ ঘণ্টা পর গতকাল সোমবার ভোররাতে মারা যায়।এই ঘটনা ঘটেছে সিলেটের পুরাতন মেডিকেল রোডের সিটি পলি ক্লিনিক অ্যান্ড শিশু হাসপাতালে। ঘটনার শিকার বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউল গণির স্ত্রী নাজমুন নাহার চৌধুরী। ইউএনওর পরিবার সূত্র জানায়, সন্তানসম্ভবা হওয়ায় নাজমুন সিলেট নগরের মিয়া ফাজিলচিস্ত এলাকায় বাবার বাড়িতে থাকেন। ২২ সপ্তাহ পর সন্তানের অবস্থা জানতে গত শনিবার নাজমুন শিশু হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক আফরোজা বেগমের শরণাপন্ন হন।হাসপাতালে নাজমুনের সঙ্গে থাকা ছোট ভাই তাহমিদ হাসান চৌধুরী বলেন, ‘চিকিৎসকের পরামর্শে ৩১২ নম্বর কেবিনে তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসক আফরোজা পেটে থাকা বাচ্চা মারা গেছে জানিয়ে আলট্রাসনোগ্রাম করাতে বলেন। আলট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে চিকিৎসক জানান, বাচ্চাটি গর্ভে মারা গেছে। দ্রুত গর্ভপাত করাতে হবে। গর্ভপাতের ওষুধ দেওয়ার দুই দিন পরও কোনো কাজ না হওয়ায় গত শনিবার বেলা দুইটায় অস্ত্রোপচার করে দেখা যায়, বাচ্চাটি জীবিত। এ অবস্থা দেখে আমরা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেও তাঁর সাক্ষাৎ পাইনি।’ খবর পেয়ে নাজমুনের স্বামী রোববার রাতে কর্মস্থল থেকে সিলেটে পৌঁছান। তিনি অপরিণত এ বাচ্চাকে দেখে মুষড়ে পড়েন। হাসপাতালে অস্ত্রোপচারকারী চিকিৎসকের সাক্ষাৎ না পেয়ে তিনি সিলেট কোতোয়ালি থানার পুলিশকে ঘটনাটি জানান। থানার উপপরিদর্শক (এসআই) শাহ মোহাম্মদ মুবাশ্বির রাত প্রায় ১২টায় হাসপাতালে গিয়ে বাচ্চার অবস্থা পর্যবেক্ষণ করেন। ইউএনও আতাউল গণি বলেন, ‘অস্ত্রোপচারের ২৬ ঘণ্টা পর সোমবার ভোর সাড়ে চারটায় বাচ্চাটি মারা যায়। আলট্রাসনোগ্রাম রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ ছিল, পেটে বাচ্চাটি মুভ করছে। কিন্তু চিকিৎসক বুঝলেন মুভ করছে না। এটি একটি হত্যাকাণ্ড। আমি এ ঘটনায় স্তম্ভিত। চিকিৎসকের শরণাপন্ন হয়েও আনাড়ি চিকিৎসার কারণে আমি সন্তান হারালাম।’ হাসপাতাল সূত্র জানায়, নবজাতক মারা যাওয়ায় গতকাল সকালে অস্ত্রোপচারকারী চিকিৎসক আফরোজা বেগমসহ হাসপাতালের পরিচালকমণ্ডলী জরুরি বৈঠকে বসেন। এতে পরিবারের সদস্যরাও উপস্থিত হলে চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কাছে ক্ষমাপ্রার্থনা করে।বৈঠকে উপস্থিত থাকা সিলেটের আইনজীবী মো. আতিকুর রহমান বলেন, ‘চিকিৎসক তাঁর ভুল স্বীকার করে বৈঠকে কান্নাকাটি করেন। একপর্যায়ে মৃত নবজাতকের পরিবার তাঁকে ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আপস নিষ্পত্তিতে সম্মত হয়।’ বৈঠক শেষে চিকিৎসক আফরোজা বেগমের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি। একপর্যায়ে তিনি তাঁর ভুল স্বীকার করে বলেন, ‘আপনারা আমাকে সহযোগিতা করুন—আমি ভবিষ্যতে রোগীদের সঠিক চিকিৎসা দিতে চেষ্টা করব।’ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ জেড মাহবুব বলেন, ‘বিষয়টি আমরা আলোচনার মাধ্যমে জিরো পয়েন্টে নিয়ে এসেছি। সমঝোতার মাধ্যমে শেষ হয়েছে।’