মায়ের চাবির আওয়াজ শুনতে পায় একলা শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের ছবি দেখে স্মৃতি হাতড়ে কাটে একলা শুভর দিন। এই জানালার টিন ছেদ করে বুলেটটি ঝর্ণা রাণীর গায়ে বিদ্ধ হয়। ঝর্ণা নেই। তবে রয়ে গেছে সেই ছিদ্র। ছবি: প্রথম আলো
মায়ের ছবি দেখে স্মৃতি হাতড়ে কাটে একলা শুভর দিন। এই জানালার টিন ছেদ করে বুলেটটি ঝর্ণা রাণীর গায়ে বিদ্ধ হয়। ঝর্ণা নেই। তবে রয়ে গেছে সেই ছিদ্র। ছবি: প্রথম আলো

১১ বছরের শুভদেব ভৌমিক। রাত পোহালেই মায়ের মৃত্যুবার্ষিকী। বড় ভাই ঢাকায় চাকরি করেন। আর বাবা স্থানীয় বিড়ি ফ্যাক্টরিতে ছোটখাটো কাজ করেন। তাই শুভর দিন কাটে একলা। মা যে ছিল তার একমাত্র সাথি। মাকে ছাড়া শুভদেবের দিন যেন আর চলছে না।

গত বছরের ৭ জুলাই ছিল ঈদুল ফিতর। সেদিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। নির্মমভাবে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের দুই কনস্টেবলকে। পরে জঙ্গিরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একটি গুলি গিয়ে ঢুকে শুভদের ঘরে। জানালা দিয়ে সেই গুলি গিয়ে লাগে শুভর মা ঝর্ণা রাণী ভৌমিকের দেহে। সেখানেই মারা যান তিনি।

মায়ের ছবির দিকে তাকিয়ে কান্নাভেজা কণ্ঠে শুভ জানায়, মায়ের আঁচলে বাঁধা চাবির আওয়াজ এখনো তার কানে বাজে। যে জানালা দিয়ে বুলেটটি ঢুকেছিল, সেই জানালায় রয়ে গেছে বুলেটের ক্ষত চিহ্ন। সেখানে চোখ পড়লেই বুকটা মুচড়ে ওঠে তার।

ঝর্ণা রাণীর স্বামী গৌরাঙ্গ নাথ ভৌমিক এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে বলেন, ‘এই একটি ঘটনায় তাঁর পুরো পরিবারটা তছনছ হয়ে গেছে। ছোট ছেলেটার মুখের দিকে তাকালে কষ্ট সহ্য হয় না। সে জন্য শত কষ্ট হলেও পড়াশোনার জন্য তাঁকে ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি করে দিই। সেখানে সে বিদ্যালয় হোস্টেলে থাকে। হোস্টেলেও সারাক্ষণ চুপচাপ থাকে। এখনো মায়ের মৃত্যুর দুঃসহ স্মৃতি তাঁকে তাড়া করে বেড়ায়।’ তিনি বলেন, ‘আমার টাকাপয়সা নাই। তাই জৌলুশ ছিল না। কিন্তু ছোট্ট এই পরিবারে শান্তি ছিল। কী এমন অপরাধ করেছি যে আমাদের শান্তি কেড়ে নেওয়া হয়েছে। এক বছর হয়ে গেলেও স্ত্রী ঝর্ণা রাণীর ব্যবহৃত স্টিলের আলমারিটা খোলা হয়নি। এটা খুলতে গেলেই তাঁর হাত কাঁপে। এদিকে ঘটনার পরে অনেকেই অনেক কিছুর আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি।’

ঝর্ণা রাণীর বড় ছেলে বাসুদেব ভৌমিক বলেন, ‘মায়ের শূন্যতা সব সময় অনুভব করছি। মা সব সময় আমাদের আগলে রাখতেন তাঁর ভালোবাসা ও মমতা দিয়ে। ছোট ভাই শুভর লেখাপড়ায় মন বসে না। বাবা যেন নিথর হয়ে গেছেন। মা-বিহীন আমাদের দুশ্চিন্তার শেষ নেই। আমারও স্থায়ী কোনো চাকরি নেই। সে জন্য পরিবারের পাশে দাঁড়াতে পারছি না।’ তাই ঝর্ণার পরিবারের দাবি, একবারের জন্য হলেও তাঁরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান।

ঝর্ণা রাণীর স্মরণে তাঁর পরিবার তাঁদের নিজ বাড়িতে সকাল ১০টায় প্রার্থনা ও স্মরণসভা এবং বেলা দুইটায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছে।

এলাকার নীরেন্দ্র চন্দ্র দাস বলেন, এক বছর হয়ে গেলেও এখনো ক্ষত শুকায়নি। শোলাকিয়ায় হামলাস্থলের অসংখ্য বাড়ির দেয়ালে এখনো রয়েছে বুলেট ও গ্রেনেডের অসংখ্য আঘাত; যা দেখে এলাকার মানুষ এখনো শিওরে ওঠে। এখনো মানুষের কানে বাজে মুহুর্মুহু গুলির আওয়াজ।

শোলাকিয়া ঈদগাহ মাঠের ঐতিহ্য ও মর্যাদা রক্ষায় দ্রুত বিচারকাজ শেষ করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করে মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনার প্রত্যাশা এলাকার বিশিষ্টজনদের।

বছর ঘুরলেও কিশোরগঞ্জের শোলাকিয়ায় বর্বরতম জঙ্গি হামলার ঘটনায় করা মামলার তদন্তকাজ এখনো শেষ হয়নি। ঘটনার তিন দিন পর ১০ জুলাই পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। এখন পর্যন্ত চাঞ্চল্যকর এ মালায় তানিম ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আটক আনোয়ার হোসেন কিশোরগঞ্জের কারাগারে আছেন।

শোলাকিয়া হামলা মামলার তদন্ত কর্মকর্তা ও কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মুর্শেদ জামান বলেন, মামলায় দুজন আসামি হাজতে রয়েছেন। এ হামলায় সম্পৃক্ততার কথা নব্য জেএমবি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ডিএনএ প্রোফাইলের পুরো প্রতিবেদন পাওয়া গেলে দ্রুত মামলার অভিযোগপত্র দেওয়া হবে।