মায়ের চিকিৎসার খরচ জোগাতে শিশু সিয়ামকে অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার স্কুলছাত্র শাহরিয়ার নাফিজ ওরফে সিয়ামকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেছেন পুলিশের হাতে গ্রেপ্তার জুটমিলের শ্রমিক আল আমীন হোসেন। আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি দাবি করেন, মায়ের চিকিৎসার খরচের টাকা জোগাড় করতে সিয়ামকে অপহরণ করেন তিনি।সিয়াম চিৎকার করতে পারে, এ ভয়ে গলা কেটে তাকে হত্যা করেন তিনি।এরপর রাতের আঁধারে মরদেহটি পুকুরে ফেলে দেন।

বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহমেদ শাহরিয়ার তারিকের আদালতে আজ মঙ্গলবার বিকেলে হাজির করা হলে আল আমীন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে আল আমীন জানান, কয়েক মাস আগে তাঁর মা কাজলী বেগমের  জরায়ুমুখে ক্যানসার, অ্যাপেন্ডিসাইডসহ নানা রোগ ধরা পড়ে। তাঁর তিনটি অস্ত্রোপচার এবং চিকিৎসায় ২০ হাজার টাকা ধারদেনা হয়। এ টাকা জোগাতে মরিয়া হয়ে ওঠেন তিনি। এরই মধ্যে পত্রিকায় নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অপহরণ ও মুক্তিপণ আদায়ের খবর পড়ে সিয়ামকে অপহরণের পরিকল্পনা তাঁর মাথায় আসে।

সিয়ামকে অপহরণ ও হত্যা সম্পর্কে আল আমীন জানান, পরিকল্পনামতো গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসার কাছে খেলার সময় সিয়ামকে ডেকে নেন তিনি। এরপর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এক হাতে সিয়ামের গলা চেপে ধরেন তিনি। আরেক হাতে থাকা ধারালো চাকু দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়। পরে তিনি মরদেহটি বস্তাবন্দী করে পুকুরে ফেলে দেন। এরপর মুক্তিপণের টাকা নেওয়ার জন্য দফায় দফায় স্থান পরিবর্তন করলেও ওত পেতে থাকা পুলিশের ভয়ে টাকা নেওয়ার সাহস পাননি তিনি।

এর আগে দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আল আমীনকে হাজির করা হয়। সেখানে সাংবাদিকদের কাছে সিয়ামকে অপহরণ ও খুনের বর্ণনা দেন তিনি।

বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান প্রথম আলোকে বলেন, সিয়ামকে অপহরণের পরই তার বাবা বেলাল হোসেন বগুড়া সদর থানায় মামলা করেন।  আল আমীন ছাড়াও এ ঘটনায় বাসার মালিক ওসমান গণিসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।