মায়ের চেষ্টায় রক্ষা পেল মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করেন বাবা। কিন্তু মা রুখে দাঁড়ান। এ জন্য তাঁকে বাড়ি থেকে বেরও করে দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে ওই মা মেয়ের বাল্যবিবাহ বন্ধের জন্য ধরমপাশা থানায় গিয়ে অনুরোধ করেন। তাঁর ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সকালে পুলিশ ওই ছাত্রীর বাড়ি গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয়।
ওই ছাত্রীর মা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ছাত্রী (১২) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে অসুস্থতার কারণে গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিতে পারেনি। তার সঙ্গে একই উপজেলার অন্য একটি গ্রামের এক যুবকের (২৮) বিয়ে চূড়ান্ত করা হয়। গতকাল বাদ জুমা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু অল্প বয়সে বিয়ে হলে তাঁর মেয়ের জীবন নষ্ট হবে, এই ভাবনায় ছাত্রীটির মা রুখে দাঁড়ান। এ নিয়ে তাঁর স্বামী, দেবর ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে গত শনিবার ওই মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কিন্তু তিনি হাল ছাড়েননি। মেয়ের খোঁজখবর রাখতে থাকেন। প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন যে মেয়ের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। তিনি দেরি না করে ওই রাতেই থানায় গিয়ে বিষয়টি খুলে বলেন। পুলিশের সহযোগিতা চান।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘ওই ছাত্রীর মা তাঁর মেয়ের বাল্যবিবাহ বন্ধের যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। আমি এই বিয়ে বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার রাতেই ওসিকে নির্দেশ দিই।’
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, গতকাল শুক্রবার সকালে মেয়েটির বাড়িতে পুলিশের এক কর্মকর্তাকে পাঠানো হয়। এ সময় মেয়েটির বাবা বাড়িতে ছিলেন না। মেয়েটির চাচা, দাদা-দাদিসহ পরিবারের লোকজনকে বাল্যবিবাহ যে বেআইনি তা বুঝিয়ে বলা হয়। তাঁরা মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে পুলিশকে প্রতিশ্রুতি দেন। পরে ওই কর্মকর্তা চলে আসেন। ওসি জানান, এ ঘটনায় মেয়েটির মাকে কোনো ধরনের নির্যাতন করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।