মায়ের চোখেই পড়ল নিখোঁজ ছেলের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় দিন আগে নিখোঁজ হন ছেলে। গতকাল বৃহস্পতিবার সেই ছেলেকে খুঁজে বের করলেন মা-ই। তবে জীবিত নয়, লাশ। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে লাশটি যেভাবে উদ্ধার হয়েছে, তা নাড়া দিয়েছে অনেকের হৃদয়কে।
নিহত যুবকের নাম মুকুল হোসেন (৩৫)। তিনি গোপীনাথপুর গ্রামের আমদ আলীর ছেলে।
ছেলে নিখোঁজ হওয়া ও লাশ উদ্ধারের ঘটনার বর্ণনা দিয়েছেন মা আশিরন বেগম। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ৫ এপ্রিল রাতে মুকুলকে অজ্ঞাতনামা ব্যক্তিরা ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বিকেলে তিনি (আশিরন) গ্রামের একটি মাঠে ছাগল চরাতে যান। এ সময় একটি স্থানে লুঙ্গির একটা অংশ মাটির ওপরে বেরিয়ে থাকতে দেখেন। এটা যে তাঁর সন্তান মুকুলের, তা চিনতে দেরি হয়নি। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। তারা পুলিশকে খবর দেয়।
পুলিশ বলছে, মুকুলকে খুন করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়। শিয়াল-কুকুরে পরনের কাপড়টি টেনে বের করে। মামলার প্রস্তুতি চলছে।