মায়ের জঠরে গুলিবিদ্ধ সুরাইয়ার জন্মদিন

মাগুরায় মায়ের জঠরে গুলিবিদ্ধ হয়ে জন্ম নেওয়া শিশু সুরাইয়ার আজ শনিবার প্রথম জন্মদিন। এত ঝক্কির পর সুরাইয়া যে বেঁচে থাকবে, তা ভাবতে পারেননি বাচ্চু ভূঁইয়া-নাজমা খাতুন দম্পতি। এ কারণেই অভাবে থেকেও ঘটা করে আদরের মেয়ের জন্মদিন পালন করলেন বাবা-মা।
আজ জন্মদিন উপলক্ষে সুরাইয়ার চিকিৎসক, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনসহ শ-খানেক মানুষকে নিমন্ত্রণ জানানো হয়েছিল।
দুপুরে সুরাইয়াদের বাড়িতে সরেজমিনে দেখা গেছে, বাড়িতে আনন্দ চলছে। শিশুদের চিৎকার-চেঁচামেচি, হইচই জানান দিচ্ছে, বাড়িতে বিশেষ আনন্দ আয়োজন চলছে। জন্মদিন উপলক্ষে ফুল আর নতুন জামা নিয়ে হাজির হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়। সঙ্গে ছিলেন নাজমা খাতুনের অস্ত্রোপচার করা চিকিৎসক শফিউর রহমান। সকাল থেকেই চলছে রান্নার আয়োজন। তিন পদের মাংস, মাছ, ডিম, পায়েসসহ আরও অনেক পদ।
বিকেলে শুরু হয় কেক কাটার আয়োজন। আধপাকা দুই কক্ষের ছোট টিনের ঘরের বারান্দার দেয়ালে সাঁটানো হয় ‘শুভ জন্মদিন’ লেখা কাগজ। পাশে বেলুন দিয়ে সাজানো। নিমন্ত্রিত অতিথিদের সঙ্গে প্রতিবেশীরাও হাজির সে সময়। অতঃপর সন্ধ্যার একটু আগে কাটা হয় সুরাইয়ার জন্মদিনের কেক।
সুরাইয়ার মা নাজমা খাতুন বলেন, ‘স্বপ্নেও ভাবিনি আমি নিজে বেঁচে থাকব। আমার মণিটা বাঁচবে। ওর জন্মদিন পালন করব। ওর বাপ মেয়ে বলতি পাগল। মেয়ের জন্মদিন। তাই ওর বাপ আজ দোকানে যায়নি। সারা দিন বাড়িই ছিল। অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল। বড় দুটো ছেলেমেয়ে আছে। আগে কারও জন্মদিন পালন করিনি। ওর বাপ খুশিতি মেয়ের জন্মদিন পালন করল। দুই দিন ধরে সব কেনাকাটা করছে। দাওয়াত দিছে। ঈদের থেকেও আজ আমাগের আনন্দ বেশি।’
মায়ের জঠরে গুলিবিদ্ধ হয়ে জন্ম নেওয়া শিশু সুরাইয়া বেঁচে গেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তার চোখ। এ ব্যাপারে তার মায়ের বিশ্বাস, ভালো চিকিৎসা হলে সুরাইয়ার চোখ ঠিক হয়ে যাবে। তিনি মনেপ্রাণে তা-ই কামনা করেন। নাজমা খাতুন বলেন, ‘আমি সুস্থ আছি, ভালো আছি। মণিও সুস্থ আছে। কিন্তু চোখটা ঠিক হলি আমি বেশি খুশি।’
দশম শ্রেণিতে পড়া ভাই নাজমুল হাসান সোহাগ আর চতুর্থ শ্রেণির ছাত্রী বোন সুমাইয়ার আনন্দও আজ ছোট বোন সুরাইয়াকে ঘিরে। তাদের জন্মদিন কখনো পালন করা হয়নি, তা নিয়ে কোনো আক্ষেপ নেই কোমলমতি দুই ভাইবোনের। ছোট বোনের জন্মদিন পালিত হচ্ছে, এতেই তারা মহাখুশি। বোনের জন্মদিনের সব সাজসজ্জা করেছে তারাই। অতিথিদের আপ্যায়নে বড়দের সহযোগিতাও করছে তারা।
বাবা বাচ্চু ভূঁইয়া বলেন, ‘আমার ছোট্ট চায়ের দোকান। অভাবের সংসার চলতে চায় না। তারপরও মেয়েডার জন্মদিন পালন না করে থাকতি পারলাম না। মেয়েডা আমার খুউব সুন্দর হইছে। আগের ঈদির সাত দিন আগে তিনটে জামা কিনিছিলাম ওর জন্যি। কিন্তুক ওর মার জামার রং পছন্দ হইছিল না। এ জন্যি মেয়ের জন্মদিনের জামা কিনতি ওর মার কাছে টাকা দিছিলাম। আজ সকালে ওর মা পছন্দ করে মেয়ের জন্যি সুন্দর একটা জামা কিনে আনছে।’
গত বছরের ২৩ জুলাই বিকেলে মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় জঠরে গুলিবিদ্ধ হন আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন। ওই দিন রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নাজমা খাতুন গুলিবিদ্ধ মেয়েশিশু সুরাইয়ার জন্ম দেন। পরদিন সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাজমা খাতুনকে পাঠানো হয় দুই দিন পর। হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা শেষ মা ও বুলেটবিদ্ধ সুরাইয়া সুস্থ হয়ে ওঠে। চিকিৎসা শেষে গত বছরের ২০ আগস্ট বাবা-মায়ের সঙ্গে সুরাইয়া বাড়ি ফেরে।