মায়ের জন্য এত দূর আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭৭ বছর বয়সী রওশনারা বেগমকে ঘিরে তাঁর ছয় সন্তান ও এক নাতি। সন্তানেরা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। গতকাল রাজধানীর বনানীর ব্যাংক কলোনি থেকে তোলা ছবি l জাহিদুল করিম
৭৭ বছর বয়সী রওশনারা বেগমকে ঘিরে তাঁর ছয় সন্তান ও এক নাতি। সন্তানেরা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। গতকাল রাজধানীর বনানীর ব্যাংক কলোনি থেকে তোলা ছবি l জাহিদুল করিম

রওশনারা বেগমের সাত ছেলে-মেয়ে। ছয় ছেলে-মেয়েই প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। তাঁরা বললেন, বর্তমানে তাঁদের যে অবস্থান, তা সম্ভব হয়েছে মায়ের জন্যই। মায়ের কড়া শাসনে তাঁরা বড় হয়েছেন। আবার নানা রকম আবদারও মিটিয়েছেন মা। এখন তাঁর বয়স ৭৭ বছর।
আজ রোববার বিশ্ব মা দিবস। বিভিন্ন দেশে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয়। মা দিবস সামনে রেখেই গতকাল শনিবার প্রথম আলোর পক্ষ থেকে এই মায়ের মুখোমুখি হওয়া, রাজধানীর বনানীতে তাঁর ছোট ছেলের বাসায়।
সাত ছেলে-মেয়ের মধ্যে সকাল বেলাতেই ছয় ছেলে-মেয়ে (বড় মেয়ে অনুপস্থিত) একত্র হয়েছেন। তাতেই মায়ের মুখটি হাসিতে ঝলমল করছে। সন্তানেরাও মায়ের মুখের হাসি দেখে বললেন, এভাবে মাকে হাসতে দেখেননি অনেক দিন।
ছেলে-মেয়েদের ভাষায় তাঁদের মা ছিলেন ‘কড়া শাসক’ আর ‘দাপুটে’। তবে হাড় ক্ষয়ের কারণে এই মা এখন একা হাঁটতে পারেন না। বার্ধক্যজনিত কারণে স্মৃতিশক্তি কিছুটা কমে গেছে। মা রওশনারা বেগমকে পাশে বসিয়েই চলল ছেলে-মেয়েদের স্মৃতিচারণা।
জামালপুরের মেয়ে রওশনারা। তাঁরা চার বোন। গ্রামের বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। বরাবরই প্রথম হতেন। কিন্তু অল্প বয়সেই বিয়ে হয়ে যায় টাঙ্গাইলে। রওশনারা বেগম মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চলতি বছরে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন ‘সফল জননী’ ক্যাটাগরিতে। এরও আগে ২০০৫ সালে তিনি গ্র্যান্ড আজাদ হোটেল কর্তৃপক্ষের দেওয়া ‘রত্নগর্ভা’ মায়ের সম্মাননা পান। ছেলে-মেয়েদের সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্যই এসব সম্মাননা।
ছেলেদের মধ্যে সুলতান আহাম্মদ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক। সফিকুল ইসলাম মৌলভীবাজারের জেলা জজ আদালতের জেলা ও দায়রা জজ। মোস্তাফিজুর রহমান রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার। মোহাম্মদ আল মামুন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ। ছোট ছেলে মোহাম্মদ আতিকুর রহমান বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হিসেবে কর্মরত। বড় মেয়ে বিলকিছ আজিজ গ্র্যাজুয়েশন করেছেন। ভাই-বোনদের শিক্ষিত করতে গিয়ে মায়ের সংগ্রামে সহযোদ্ধা হিসেবে নিজের আর চাকরি জীবনে ঢোকার সুযোগ মেলেনি। ছোট মেয়ে লায়লা আঞ্জুমান বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত। তিনি জাতিসংঘ মিশনে কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন। ছেলেদের স্ত্রী, মেয়েদের স্বামীরাও সবাই চাকরিজীবী। সাত ছেলে-মেয়ে আর ১১ নাতি-নাতনি নিয়ে রওশনারার বিশাল সংসার। তাঁর স্বামী মোহাম্মদ মতিয়ার রহমান ২০১৪ সালে মারা গেছেন।
সন্তানেরা সকলেই মাকে নিজেদের কাছে রাখতে চান। তাঁরা গ্রামের বাড়ি যেতে দিতে চান না। পাঁচ ছেলের মধ্যে এক ছেলে বিয়ে থা করে সংসারী হলো না—এ ধরনের দুঃখবোধ কাজ করে রওশনারার মধ্যে। এর বাইরে তেমন কোনো আফসোস নেই তাঁর।
শ্বশুরবাড়ির লোকেরা চাইতেন, পরিবারের ছেলেরা লেখাপড়া সামান্য করেই ব্যবসায় হাল ধরবে। কিন্তু রওশনারা তাঁর সন্তানদের লেখাপড়াকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
বড় ছেলে সুলতান আহাম্মদ জানালেন, ‘সব ভাই-বোনকে মা নিজেই পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়িয়েছেন। মাটির চুলায় রান্না করতেন, আর পাশে মাদুর বিছিয়ে চলত মায়ের এ পাঠশালা। বাবা বছরে একবারই বই কেনার টাকা দিতেন। এরপর যত বই কিনতে হতো, জমানো টাকা থেকে তা দিতেন মা। এসএসসি পরীক্ষার পর একটি ঘড়ির বায়না ধরলে তা মিটিয়েছিলেন মা।’
সন্তানেরা বলতে থাকেন, যৌথ পরিবারে নিজের ভাগে যে মাছের টুকরাটা বরাদ্দ থাকত, তাই মা গোপনে তুলে রাখতেন কোনো না কোনো ছেলে বা মেয়ের জন্য। রাত জেগে পড়তে ভয় লাগলে পাশে বসে থাকতেন মা।
ছোট মেয়ে লায়লা আঞ্জুমানের বিয়ের আগে বিমানবাহিনীতে চাকরি হলো। চুল ছোট করতে হবে। সবাই আপত্তি করলেন। রওশনারা বললেন, মেয়েকে এ চাকরি করতেই হবে। ফলে চুল ছোট করা গিয়েছিল।
লায়লা আঞ্জুমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের গ্রামে শিক্ষিতের সংখ্যা খুবই কম ছিল। এখন আমাদের বাড়িতে যাঁরা একসময় কাজ করতেন, তাঁদের ছেলে-মেয়েরাও শিক্ষিত। মাকে দেখেই অন্যরা অনুপ্রাণিত হয়েছেন। বাবাও মায়ের এই অবদান স্বীকার করতেন।’
ফিরে আসার সময় মা দিবস নিয়ে কিছু বলতে বললে রওশনারা বেগম বললেন, যে ছেলে-মেয়েরা মাকে দেখে না, তারা কাজটা ভালো করে না। সব মা ভালো থাকুক—এ শুভকামনাও জানালেন তিনি।