মায়ের জন্য ভোট চাইলেন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সজীব ওয়াজেদ জয় তাঁর মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভোট চেয়ে বলেছেন, ‘আমার মা শেখ হাসিনা আপনাদের এলাকার প্রার্থী। তাঁকে ভোট দিতে আপনারা ভোটকেন্দ্রে আসুন। আমার মাকে নৌকা মার্কায় ভোট দিন।’

আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের গোলচক্কর এলাকায় এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় জয় এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমি আপনাদের ছেলে হিসেবে ভোট চাইতে এসেছি। আমার মা নির্বাচিত হলে মায়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারব। আওয়ামী লীগ উন্নয়ন করে দেশের মানুষকে শান্তি দেয়। আর বিএনপি সন্ত্রাস করে মানুষকে কষ্ট দেয়।’

পথসভায় ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক, মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

নির্বাচনে ভোট চাইতে গিয়ে জয় বলেন, ‘এই সরকার আগামীতে ক্ষমতায় এলে ডিগ্রি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই ও ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেবে। আওয়ামী লীগের এই পাঁচ বছরে যা উন্নয়ন হয়েছে, ৭৫-পরবর্তী সময়ে তা হয়নি।’  বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দল যে আন্দোলন করছে, এটা আন্দোলন নয়, এটা সন্ত্রাস। মূলত যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য তারা এই সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।

সজীব ওয়াজেদ জয় তথ্যপ্রযুক্তি প্রসঙ্গে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাড়ে চার হাজার ইউনিয়নে তথ্যসেবকেন্দ্র চালু করা হয়েছে, যার মাধ্যমে কম খরচে মানুষজন বিদেশে যেতে পারছে।

জয় বেলা একটায় বিমানযোগে সৈয়দপুরে নামেন। এরপর সরাসরি নির্বাচনী পথসভা করতে পীরগঞ্জে চলে যান। ভেন্ডাবাড়ি ছাড়াও তিনি বড়দরগা ইউনিয়নের জাহাঙ্গীরাবাদে আরও একটি নির্বাচনী পথসভা করেন। এরপর তিনি ফতেপুরে জয়সদনে যান। সেখানে তিনি রাত্রিযাপন করবেন। আগামীকাল শুক্রবারও তিনি বিভিন্ন নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন।