মায়ের জন্য লাবিবার অপেক্ষা
বাইশ মাস বয়সী লাবিবার উচ্চারণ তখন অস্পষ্ট ছিল। সে জানতে চাইত, তার ‘নুনা (রুনা) মা’ কই। লাবিবার বয়স এখন প্রায় তিন বছর। স্পষ্ট করেই জানতে চায়, তার মা কোথায়? এখনো দিন গড়িয়ে সন্ধ্যা হয় মায়ের অপেক্ষায়। কিন্তু মা রুনা আক্তার আর ফেরেন না। গত বছরের অক্টোবর মাসে বেপরোয়া গতির দুই মোটরসাইকেল আরোহীর বখাটেপনা কেড়ে নিয়েছে তাঁর প্রাণ।
মতিঝিলে এজিবি কলোনি হাসপাতাল জোন বি-টাইপ কোয়ার্টারের গেটের সামনে রিকশার জন্য অপেক্ষা করছিলেন গণপূর্ত বিভাগের হিসাব সহকারী (সেগুনবাগিচা, মেডিকেল বিভাগ) রুনা আক্তার ও তাঁর বোন তানিয়া আক্তার। তানিয়া ওই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, সন্ধ্যা ছয়টার দিকে দুই বোন কলোনির বাসা থেকে বের হন। কলোনির গেটে রিকশা না পেয়ে রাস্তা পার হওয়ার জন্য আইল্যান্ডের কাছে দাঁড়ান। পরপর চারটি মোটরসাইকেল বিকট হর্ন বাজিয়ে দ্রুতগতিতে পাশ দিয়ে চলে যায়। রুনা আইল্যান্ড থেকে এক পা নামান। ঠিক তখনই আরেকটি মোটরসাইকেল চলে আসে। সেটি হর্ন বাজায়নি, হেডলাইটও ছিল না। দ্রুতবেগে এসে রুনার ওড়না ধরে টান দিলে রুনা ওড়নাসহ মোটরসাইকেলের ওপর গিয়ে পড়েন। তখনই গতি আরও বাড়িয়ে দেওয়া হয়। বেশ কিছু দূর ওভাবেই রুনাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। রুনার ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে তাঁকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে ফেলে দেওয়া হয়। তখনই রুনা মারা যান। এ ঘটনার পর মোটরসাইকেলের পেছনের আরোহী পালিয়ে গেলেও চালককে ধরে ফেলে এলাকাবাসী ও পুলিশ।
রুনা আক্তারের বাবা মোহাম্মদ সোবহান প্রথম আলোকে বলেন, লাবিবার এত কিছু বোঝার বয়স হয়নি। মায়ের ছবি দেখে মন খারাপ করে। নানির কাছে জানতে চায়, তার মা কোথায়। নানি বলেন, আল্লাহর কাছে গেছেন। তখন লাবিবার পাল্টা প্রশ্ন—সেখান থেকে মা আসবেন না? কিন্তু এ প্রশ্নের উত্তর দিতে পারেন না নানি। লাবিবা এদিক-ওদিক তাকায়। তারপর চুপচাপ হয়ে যায়। হয়তোবা নিজের মতো করে কোনো কিছু বুঝে নেয় সে। এ ঘটনায় রুনা আক্তারের স্বামী লুৎফর রহমান বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। মামলায় (৯ নম্বর) অভিযুক্ত মোটরসাইকেলের (ঢাকা মেট্রো ল-২৭-২২৩৫) আরোহী আল আমিন (তখন ১৯ বছর লেখা ছিল) জামিনে আছেন। বাইরে এসেই বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করে মোহাম্মদ সোবহান বলেন, ‘মামলার আসামি আল আমিনসহ কয়জন মিল্যা আমারে রাস্তায় আটকায়। আমারে শুনায়ে শুনায়ে বলে, এইটারে শেষ কইরা দিমু। বলে, বাঁচতে চাইলে কেস তুইল্যা নে। আমার ছোট মেয়ে এইবার বিবিএ ফাইনাল পরীক্ষা দিতেছে। ওরে সারাক্ষণ গার্ড দিয়া রাখি।’
মামলার অভিযুক্ত আসামি আল আমিনের বাবা শাহ আলম টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘রুনার পরিবারকে হুমকি দেওয়া তো দূরের কথা, আমরা কখনো খারাপ ব্যবহারও করি নাই।’
ঘটনার পরপরই রুনা আক্তারের স্বামী লুৎফর রহমান বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করলেও পরে ঘটনার বিস্তারিত জানার পর মামলার এজাহার সংশোধনের আবেদন করেন। তিনি ঘটনাটিকে শুধু দুর্ঘটনা নয়, পূর্বপরিকল্পিত হত্যা হিসেবে উল্লেখ করেন। তবে চলতি বছরের এপ্রিল মাসে দেওয়া মামলার চার্জশিটে মামলার তদন্তকারী কর্মকর্তা দুলাল চন্দ্র কুণ্ড উল্লেখ করেছেন, সংশোধনী এজাহার পর্যালোচনা অনুযায়ী, রুনা আক্তারের ওড়না ধরে টান দিয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি, কোনো সাক্ষী পাওয়া যায়নি। তবে আসামি আল আমিন ঘটনার সময় দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে দুর্ঘটনাটি ঘটে। তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, রুনা আক্তারের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রুনা আক্তার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাই আসামি আল আমিনের বিরুদ্ধে পেনাল কোডের ২৭৯/৩০৪-খ ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে।