
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চর ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার রাতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্দর থানার পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এদিকে মায়ের জন্য কান্নাকাটি করছে মারা যাওয়া গৃহবধূর সাত মাসের শিশু সূর্য চন্দ্র ঘোষ।
গতকাল সকালে মারা যাওয়া গৃহবধূ তৃষ্ণা রাণী ঘোষের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর ছেলে সূর্য চন্দ্র ঘোষকে তার চাচি ববিতা রাণী ঘোষ কোলে নিয়ে ফিডার খাওয়ানোর চেষ্টা করছেন। কিন্তু সে খেতে চাইছে না, কান্নাকাটি করছে।
সূর্যের বাবা সেন্টু চন্দ্র ঘোষ শুভকরী বাজারের একটি মিষ্টির দোকানের কর্মচারী। স্ত্রী ও মেয়েকে হারিয়ে সেন্টু চন্দ্র ঘোষ মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, ‘আমি আমার স্ত্রী-সন্তানকে হারিয়েছি। এখন মামলা করে কী হবে? মামলা করলে কি আমার স্ত্রী ও মেয়েকে ফিরে পাব? আমার সাত মাসের শিশু মায়ের জন্য সারাক্ষণ কান্নাকাটি করছে।’
মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতি সোনারগাঁও জোনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোলাম মোস্তফাকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবিব ও প্রকৌশলী রাজীব উল্লাহ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক রাব্বি মিয়া। জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটির প্রতিবেদন
পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলার শুভকরদি এলাকায় চর ধলেশ্বরীর শাখা নদীতে গোসলের সময় বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে তৃষ্ণা রাণী ঘোষ, তাঁর মেয়ে শায়ন্তিকা রাণী ঘোষ ও এলাকার মাসুদের মৃত্যু হয়। এ ঘটনায় পল্লী বিদ্যুতের বন্দর জোনের ডিজিএম জাকির হোসেন, এজিএম আবদুস সালামসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়।