মায়ের থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা
অপহরণ নাটক সাজিয়ে মায়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ে এক কিশোরের চেষ্টা ভেস্তে গেছে। পটিয়া থানার পুলিশ এক আত্মীয়সহ ওই কিশোরকে গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের একটি রেস্ট হাউস থেকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলো চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রসুলাবাদ গ্রামের প্রবাসী আলী আকবরের ছেলে একাদশ শ্রেণীর ছাত্র আনোয়ারুল ইসলাম ওরফে মঞ্জু (১৭) ও পটিয়া পৌর সদরের পিকআপ ভ্যানের চালক মিজানুর রহমান ওরফে নয়ন (১৮)।
পুলিশ সূত্র জানায়, আনোয়ারুল পটিয়ায় মামার বাড়িতে থেকে পড়ালেখা করে। গত ২৯ জানুয়ারি বিকেলে মামার বাড়ি থেকে বের হয়ে সে রাতে ফেরেনি। পরে রাত প্রায় একটার দিকে তার মায়ের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। গত বৃহস্পতিবার রাতে আনোয়ারুলের মামা নুরুল ইসলাম পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ মুঠোফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে আনোয়ারুল ও তার মায়ের চাচাতো ভাই মিজানুর রহমানকে চট্টগ্রাম নগরের একটি রেস্ট হাউস থেকে আটক করে।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন বলেন, আনোয়ারুল জিজ্ঞাসাবাদে বলেছে, তার মোটরসাইকেলের নিবন্ধন ও কলেজ পরিবর্তনের জন্য টাকার দরকার। তাই চাচাতো মামার সঙ্গে চুক্তি করে তারা প্রথমে কক্সবাজার যায়। সেখান থেকে মুঠোফোনে মিজানুর মুক্তিপণ দাবি করে। টাকা আদায়ের জন্য পরদিন তারা ওই রেস্ট হাউসে ওঠে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হবে। শনিবার (আজ) তাদের আদালতে হাজির করা হবে।