মায়ের দুধের পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ছয় মাসের কমবয়সী ৪৩ শতাংশ শিশু শুধু বুকের দুধ পান করে। ২০১৫ সালের মধ্যে বুকের দুধ পান করা শিশুর সংখ্যা ৭৫ শতাংশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে বুকের দুধের পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।গতকাল বৃহস্পতিবার নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট আয়োজিত ‘ব্রেস্ট ফিডিং—দ্য গোল্ড স্ট্যান্ডার্ড’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সিম্পোজিয়ামে বক্তারা এ কথা বলেন। তাঁরা বলেন, মায়ের দুধের বিকল্প নেই। তা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা, গণমাধ্যমে প্রচার বাড়ানো এবং এলাকাভিত্তিক সচেতনতা কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব দেন। সিম্পোজিয়ামে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের বিশেষজ্ঞ চিকিত্সকেরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক বলেন, এখনো অনেক মা শিশুকে বুকের দুধ খাওয়ান না। এ বিষয়ে অশিক্ষিত বা সন্তান জন্ম দেওয়া নতুন মায়েদের কাছে যথাযথ তথ্য পৌঁছেনি। স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সুফল শুধু সেই শিশুটিই পায় না, একই সঙ্গে মা-ও পান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। তাই শিশুকে গরু ও ছাগলের দুধ খাওয়ানোর যুক্তি নেই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন শিশুকে মায়ের দুধ খাওয়ানোর বিষয়টি জোরদার করতে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।মালদ্বীপের চিকিত্সক আফিফ আবদুল্লাহ জানান, দেশটিতে শিক্ষিত মায়ের সংখ্যা বেশি থাকায় প্রায় ৯৮ শতাংশ মা-ই শিশুকে বুকের দুধ খাওয়ান। ভারতের অধ্যাপক বিডি ভাটিয়া বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে স্বাগত জানান। দিনব্যাপী সিম্পোজিয়ামে নেসলে নিউট্রিশন ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া অঞ্চলের মেডিকেল পরিচালক সঞ্জীব গাঙ্গুলী, বাংলাদেশের অধ্যাপক টি এ চৌধুরী, অধ্যাপক মনজুর হোসেন, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া, অধ্যাপক এম ইকবাল আর্সলান, চিকিত্সক হাবিব মিল্লাত, সাংসদ এম এস আকবর প্রমুখ বক্তব্য দেন।