মায়ের দুধের বিকল্প হিসেবে যেসব খাবার রয়েছে, সেসবের উৎপাদন, বিপণন, মান ও প্রচার নিয়ন্ত্রণ করবে সরকার। মায়ের দুধ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মায়ের দুধের বিকল্প শিশুখাদ্যের বিজ্ঞাপন প্রচারে সরকারের অনুমতি নিতে হবে।গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে মন্ত্রিসভার বৈঠকে ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য আইন (বিপণন নিয়ন্ত্রণ), ২০১৩’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, সংসদে এই আইন পাস হলে মায়ের দুধের বিকল্প হিসেবে শিশুখাদ্যের প্রচারে অনুমতি নিতে হবে। এ ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনকারীর শাস্তির মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর এবং জরিমানা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। আইন লঙ্ঘন করলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা যাবে বলে উল্লেখ করা হয়েছে খসড়ায়। খসড়াটি যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত অনুমোদনের জন্য তা আবার মন্ত্রিসভায় তোলা হবে।মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি: সরকারি চাকরিতে থাকা মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ ৫৯ থেকে ৬০ বছর করার খসড়া প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি কর্মচারী (অবসর) আইন, ২০১৩ আগেই অধ্যাদেশের মাধ্যমে জারি করা হয়েছে। এবার তা আইন আকারে সংসদে পাস হবে।পল্লি সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ নীতিমালার খসড়া অনুমোদন: পল্লি সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ নীতিমালার খসড়াও গতকাল অনুমোদিত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এই নীতিমালায় বলা হয়েছে, দেশের বিস্তৃত সড়ক নেটওয়ার্কের বেশির ভাগই পল্লি সড়ক। এর মধ্যে বিভিন্ন শ্রেণীর ৮৪ হাজার ৬০০ কিলোমিটার সড়ক এবং ১১ লাখ ৮৩ হাজার ৪৪০ মিটার সেতু বা কালভার্ট উন্নয়ন করা হয়েছে। নীতিমালার আলোকে পল্লির গুরুত্বপূর্ণ পাকা সড়কগুলো স্থানীয় সরকার বিভাগ এবং কম গুরুত্বপূর্ণ সড়কগুলো জেলা ও উপজেলা পর্যায়ে সংস্কার করা হবে।জাতীয় আইনগত সহায়তা দিবস ঘোষণা: ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণার একটি প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন করেছে। সচিব জানান, ২০০২ সালে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা আইন’ পাস করা হয়। গত ৪ বছরে বিভিন্ন জেলা-উপজেলায় লিগ্যাল এইড কমিটির মাধ্যমে সরকারি খরচে চার হাজারের বেশি ‘সুবিধাবঞ্চিতকে’ এই আইনের আওতায় সহায়তা দেওয়া হয়েছে। সরকারের চার বছরের চিত্র: মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১২ সালের চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদন এদিন মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। বিগত সরকার ও বর্তমান সরকারের গত চার বছরে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের তুলনামূলক একটি চিত্র তুলে ধরা হয়।