মায়ের দেহে তখন প্রাণ নেই...
সাত বছরের কবিতা রায় বারবার ঘরে ঢুকে মায়ের পা ধরে কাঁদছিল। বলছিল, ‘আমার মাকে তোমরা নামাও। মায়ের কী হয়েছে? মা, ওমা...!’ আর দুই বছরের প্রহ্লাদ রায় বুকের দুধ খাওয়ার জন্য অস্থির। কিন্তু শিশুসন্তানদের কান্না, ডাক ও অস্থিরতায় মা দীপ্তি রানী (২৫) সাড়া দেননি।মায়ের দেহে তখন প্রাণ নেই। হতভাগা এই মায়ের লাশ টানা ১৬ ঘণ্টা ফাঁসে ঝুলছিল। আইনি জটিলতার ভয়ে কেউই লাশটি নামানোর সাহস পায়নি। এ দৃশ্য উপস্থিত সবাই শুধু চেয়ে দেখেছে আর শিশু দুটির কান্নার সঙ্গে চোখের পানি ফেলেছে।ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা হাঁড়িকাটা গ্রামে। দীপ্তি রানী স্বামীর সঙ্গে অভিমান করে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শয়নঘরের ছাদের বাঁশের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাশটি পুলিশ এসে নামায় গত বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায়।এলাকাবাসীর অভিযোগ, তারাগঞ্জ থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। যোগাযোগব্যবস্থাও ভালো। বৃহস্পতিবার সকালে এ খবর থানায় জানানো হলেও পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়নি। এ কারণে দীর্ঘ সময় ওই মায়ের লাশ ফাঁসিতে ঝুলে থাকে। এটা একেবারেই অমানবিক।দীপ্তি রানীর স্বামী সমবারু রায় জানান, খাওয়া নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়। এরপর রাত ১২টার দিকে তিনি বাড়ির পাশের কালীমন্দিরে পূজা করতে যান। রাত একটায় বাড়িতে ফিরে ডাকাডাকি করার পরও তাঁর স্ত্রী দরজা খুলছিলেন না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান, ঘরের ছাদের বাঁশের সঙ্গে স্ত্রী দীপ্তি রানীর লাশ ঝুলছে। এতে হতবিহ্বল হয়ে পড়েন তিনি। কিন্তু আইনি মারপ্যাঁচে পড়ার আশঙ্কায় ফাঁস থেকে লাশ নামানোর সাহস পাননি।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান দীপ্তি রানীর লাশ মাটিতে নামান এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লাশের শরীরের কোনো স্থানে আঘাতের কিংবা জখমের চিহ্ন নেই। গলায় কালচে দাগ রয়েছে।তারাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহেদুল ইসলাম অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে খবরটি পুলিশকে জানানো হয়। কিন্তু পুলিশ বিকেল পৌনে পাঁচটায় ঘটনাস্থলে আসে। বিষয়টি একেবারেই অমানবিক।দীপ্তি রানীর বাবা বাচ্চু রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই আমি জামাতার বাড়িতে আসি। বাবার সামনে মেয়ের লাশ সারা দিন ফাঁসিতে ঝোলা থাকলে কেমন লাগে, সেটা তোমরা কেউই বুঝবা না। এটা দেখার আগে আমার মরণ হলো না কেন?’ মেয়ের আত্মহত্যা করার ব্যাপারে কারও প্রতি তাঁর কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।তবে তারাগঞ্জ থানার এসআই সিদ্দিকুর রহমান পুলিশের গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি থানায় জানানো হয় দেরিতে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, দীপ্তি রানী আত্মহত্যা করেছেন। তার পরও অধিক নিশ্চিত হওয়ার জন্য লাশটি গতকাল শুক্রবার সকাল নয়টায় ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে।