মায়ের দোয়া নিতে গিয়ে পরীক্ষার্থী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বরেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহরাব হোসেন পরীক্ষা শুরুর আগে নাটোরে গিয়েছিল মায়ের দোয়া নিতে। গত ২৭ মার্চ রাতে নাটোর থেকে রওনা দেয় সে। গতকাল বৃহস্পতিবার এইচএসসির প্রথম পরীক্ষা হয়ে গেলেও সোহরাব রাজশাহীতে পৌঁছায়নি।
সোহরাবের বাবা আইনুল হোসেন রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা। তাঁদের বাড়ি রাজশাহী নগরের বুলনপুর মহল্লায়। সোহরাবের মা মর্জিনা বেগম নাটোরে আলাদা থাকেন। সোহরাব নিখোঁজ হওয়ার ঘটনায় গত শনিবার তার বাবা নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আইনুল হোসেন বলেন, নাটোর থেকে বাসে ওঠার আগে রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে সোহরাবের সঙ্গে তার চাচাতো বোন পুতুলের সর্বশেষ কথা হয়। তখন সোহরাব বলেছিল, ‘বাসে উঠছি। পরে কথা বলব।’ এর পর থেকে সোহরাবের ফোনের সংযোগ বন্ধ রয়েছে। আইনুল জানান, সোহরাব বরেন্দ্র কলেজের বিজ্ঞান শাখার ছাত্র। তার গায়ের রং ফরসা। উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। কেউ সোহরাবের খোঁজ পেয়ে থাকলে মুঠোফোনে ০১৭২৬-১৬১৭২৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।